ইরাকজুড়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫১
ইরাকে গতকাল বুধবার পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে ১৬ পুলিশসহ ৪১ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দুই শতাধিক। ইরাক থেকে বড় ধরনের সেনা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের ঘোষণার এক দিন পর এসব আত্মঘাতী হামলা চালানো হয়।ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় কাহিরা শহরের একটি থানায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত হয়। স্থানীয় হাসপাতালের একজন চিকিত্সক জানান, হাসপাতালে ১৫টি মৃতদেহ এবং আহত ৪৪ জনকে আনা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু, দুই নারী ছাড়াও দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুত শহরে একটি পাসপোর্ট অফিসে গাড়িবোমা হামলায় ১০ পুলিশসহ ২০ জন নিহত হয়। আহত হয় ৪৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই পুলিশ।মন্ত্রণালয় আরও জানায়, বাগদাদের কেন্দ্রস্থলে একটি গাড়িবোমা হামলায় দুই পুলিশ নিহত ও সাতজন আহত হয়। এ ছাড়া আল আজমেল শহরে গুলিতে দুই পুলিশ নিহত হয়। কিরকুকের ভারপ্রাপ্ত পুলিশ-প্রধান জানান, সেখানে গাড়িবোমা বিস্ফোরণে একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। এ ছাড়া রামাদির একটি থানাসহ দুই জায়গায় গাড়িবোমার বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত ও ১৬ জন আহত হয়। মসুলে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে পাঁচ জন। এএফপি।