ইরাকজুড়ে হামলা ও সহিংসতায় নিহত ৪৪
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের নবম বর্ষপূর্তির দিন গতকাল মঙ্গলবার ১৩টি নগর ও শহরে হামলা ও সহিংস ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৪ জন নিহত ও ১৮০ জনের বেশি লোক আহত হয়েছে। ইরাকে ২৭ থেকে ২৯ মার্চ আরব সম্মেলন হবে। এ সময় এ ধরনের সহিংসতা সম্মেলনে অতিথিদের নিরাপত্তাদানে ইরাকি বাহিনীর সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশটির পার্লামেন্টের স্পিকার এ নাশকতার জন্য আল-কায়েদাকে দায়ী করেছেন।সরকারি কর্মকর্তারা জানান, উত্তরের কিরকুক থেকে দক্ষিণে কারবালার ১৩টি নগর ও শহরে স্থানীয় সময় সকাল সাতটা থেকে নয়টার মধ্যে হামলার এসব ঘটনা ঘটে। বাগদাদের কেন্দ্রস্থলে আরব সম্মেলন উপলক্ষে নেওয়া কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্টোদিকে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়। এর কয়েক ঘণ্টা আগে রাজধানীতে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় চারজন নিহত ও আটজন আহত হয়। বাগদাদের পশ্চিমাঞ্চলে ভোরে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ নিহত হন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান।সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটেছে কিরকুক ও কারবালায়। এসব হামলায় ২৬ জন নিহত হয়। কিরকুকের পুলিশ মেজর সালাম জাঙ্গানা জানান, পুলিশের সদর দপ্তরকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় ১৩ জন নিহত ও ৫০ জন আহত হয়। আরেকটি গাড়িবোমা হামলায় পুলিশের বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কারবালায় ঢোকার মুখে রাস্তায় পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে বলে প্রাদেশিক স্বাস্থ্য মুখপাত্র জামাল মেহদি জানান।আনবার প্রদেশের রাজধানী রামাদিতে গাড়িবোমা হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হয়। এ ছাড়া সালেহদিন প্রদেশে পৃথক বন্দুক ও বোমা হামলায় নগরের একজন কাউন্সিলরসহ চারজন নিহত হয়।এদিকে মসুল, বেইজি, বাকুবা, দাকুক ও আল-ধুলুইয়াহেত বোমা বিস্ফোরণে ২৫ জন আহত হয়। উত্তরের আরেক শহর সামারাতে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি। এএফপি।