ইরাকি বাহিনীর সহায়তায় সবাই এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সরকার ও নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে ইরাকের প্রতিবেশী সিরিয়ার কুর্দি-অধ্যুষিত শহর কোবানিতে আইএসের নতুন হামলা প্রতিহত করেছে কুর্দি যোদ্ধারা। খবর এএফপি ও বিবিসির।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গত শুক্রবার সর্বসম্মতভাবে একটি বিবৃতি দিয়েছে। এতে ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের প্রদেশগুলোতে আইএসের ‘ন্যক্কারজনক আত্মঘাতী ও গাড়িবোমা হামলাসহ বিভিন্ন ধরনের হামলা’র তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পরিষদ ইরাক সরকারের জন্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে সহায়তার হাত আরও শক্তিশালী ও সম্প্রসারিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।’
ইরাকি বাহিনী রাজধানী বাগদাদের পশ্চিমে জিহাদিদের অগ্রযাত্রা ঠেকাতে লড়াই করে যাচ্ছে। সরকারি বাহিনী শুক্রবার তিকরিত শহরের উত্তরে অভিযান শুরু করে। গত জুন মাসে আইএসের যোদ্ধারা যেসব এলাকা থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দিয়েছিল, সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত তার অন্যতম।
মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসের জঙ্গিদের বিরুদ্ধে টানা বিমান হামলা চালালেও ইরাকি বাহিনী আইএসের দখলে চলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে হিমশিম খাচ্ছে। তাই আইএসের হুমকি ‘যেকোনো মূল্যে’ প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অবশ্য মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, বাগদাদে একের পর এক গাড়িবোমা হামলা চালানো হলেও জিহাদিরা শহরটির জন্য ‘আসন্ন হুমকি’ নয়।
মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমানগুলো শুক্রবারও সিরিয়ার ভেতরে আইএসের যোদ্ধাদের অবস্থানগুলোতে উপর্যুপরি বোমা ফেলেছে। এর পরও কোবানি শহরে গতকাল শনিবার আবারও আক্রমণের চেষ্টা চালিয়েছে আইএসের জঙ্গিরা। যদিও তা প্রতিহত করেছে শহরটির সুরক্ষার দায়িত্বে থাকা কুর্দি মিলিশিয়ারা। শুক্রবারই গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সুযোগ নিয়ে কুর্দি মিলিশিয়ারা কোবানির বেশির ভাগ এলাকা থেকেই আইএসকে বিতাড়িত করেছে।
কুর্দি কর্মকর্তা ইদরিস নাসিন বলেন, আইএসের জঙ্গিরা গতকাল কোবানির পূর্ব দিক থেকে প্রচণ্ড আক্রমণ শুরু করে। তবে একপর্যায়ে কুর্দি বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে তারা পিছু হটে। লড়াইয়ে আইএসের অনেক যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে আইএস পিছু হটলেও অন্য এলাকা থেকে যোদ্ধাদের এনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
কোবানি শহরের ভেতরের পরিস্থিতি বর্তমানে বেশ গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। কোবানির প্রধান কর্মকর্তা আনোয়ার মুসলিম শুক্রবার বলেন, আইএসের জঙ্গিদের মর্টার নিক্ষেপ ও চোরাগোপ্তা হামলার কারণে কর্তৃপক্ষ সেখানে আটকে পড়া লোকজনের কাছে পৌঁছাতে পারছে না। তিনি বলেন, সেখানকার পরিস্থিতি সংকটপূর্ণ।
গত মাসে আইএস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোবানি শহরের দিকে অগ্রসর হয়। এতে করে সেখানকার হাজার হাজার কুর্দি পালিয়ে প্রতিবেশী তুরস্কে প্রবেশ করে। তবে কোবানির আশপাশে এখনো ১২ হাজার বেসামরিক লোক আটকা পড়ে আছে। তারা গণহত্যার শিকার হওয়ার হুমকিতে রয়েছে বলে চলতি মাসের শুরুতে হুঁশিয়ার করে দেন জাতিসংঘের সিরীয় কূটনীতিক স্টেফান ডি মিসটুরা।