ইরাকি বিধবাদের দুঃখগাথা
ইরাকে সংঘাত-সহিংসতা চলছে তিন দশকেরও বেশি সময়। হতাহত হয়েছে অনেক মানুষ। স্বজন হারানোর কান্না প্রায় প্রতিটি ঘরে। এর একটি করুণ অধ্যায় স্বামীহারা লাখ লাখ নারী। গত তিন দশকে দেশটিতে বিধবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। তাঁদের কয়েকজনের কষ্টকর জীবনযাপনের টুকরো চিত্র তুলে ধরা হলো।নাহলা আল-নাদাওয়ি: বাগদাদ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাহলা। তিনি বলেন, স্বামীকে কবরে শোয়ানোর দিনটি আমার জীবনের সবচেয়ে দুঃসহ দিন। আমার অসুস্থ শিশুপুত্রের মুখের দিকে তাকিয়ে আমি সেদিন কাঁদতে পারিনি।নাহলা বলেন, আমার স্বামী মোহাম্মদ ছিলেন একজন শল্যচিকিৎসক। সাদ্দাম হোসেনের আমলে তিনি জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন। ২০০৩ সালের পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন। ২০০৭ সালের এপ্রিলের মাঝামাঝি বাগদাদে একটি বড় ধরনের বিস্ফোরণে অনেক মানুষ মারা যায়। ১০টি দেহ পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। তাঁদেরই একজন আমার স্বামী। তিনি বলেন, আমার ছেলেটি প্রতিদিন বাবার বুকে ঘুমাত। কয়েক দিনের মধ্যে বাবার অভাব গভীরভাবে উপলব্ধি করতে পারে সে।এলহাম মাহদি: বাগদাদের একজন গৃহবধূ তিনি। এলহাম জানান, কাজে যাওয়ার সময় গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন আমার স্বামী। এরপর থেকে আমিই চার সন্তানের মা-বাবা। তিনি বলেন, আমার স্বামী বাগদাদের শোরজা বাজারে ব্যবসা করতেন। ওই দিন সকাল আটটার দিকে তিনি বাসা থেকে বের হন। আধাঘণ্টার মধ্যে তিনি লাশ হয়ে যান।সরকারের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ পেয়েছিলাম। কিন্তু বাবাকে হারানোর ক্ষতি কি আমার চার সন্তান কোনো দিন পুষিয়ে উঠতে পারবে?রাজান ওসমান মোহাম্মদ: বাগদাদের একজন শ্রমিক তিনি। রাজান বলেন, আমার ১০ বছরের ভালোবাসার কাহিনি এক মিনিটেই শেষ হয়ে গেল। হলাম স্বামীহারা। ২০০৮ সালে আমার স্বামী, তাঁর এক এতিম আত্মীয় ও আমি বাজারে বোমা হামলার মুখে পড়ি। উদ্ধারকর্মীরা আমাদের উদ্ধার করতে আসার পর আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায়। আমি তখনই অচেতন হয়ে পড়ি। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আমার স্বামী। এতিম শিশুটি মারাত্মকভাবে আহত হয়। সে এখন চলাফেরা করতে পারে না।আমার শরীরে পাঁচবার অস্ত্রোপচার হয়েছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে তিন মাস আমি জানতে পারিনি, আমার স্বামী বেঁচে নেই। মোটামুটি সেরে ওঠার পর আমি মা-বাবার কাছে চলে আসি। এখন নিজে উপার্জন করে চলার চেষ্টা করছি।আধাওয়া মুতার হুসেন: তাঁর বাড়ি নাজাফে। তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৪ সালে আমার স্বামী নিহত হন। তিনি যখন মারা যান, তখন আমি সন্তানসম্ভবা। আমার মেয়েটি জন্মের আগেই বাবাকে হারিয়েছে। তার বয়স এখন ছয় বছর। এরপর থেকে দুটি মেয়ে আমাকেই মানুষ করতে হচ্ছে। আমি স্বামীর সম্পত্তি পাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু রাষ্ট্র বা পরিবার আমাকে সহযোগিতা করেনি।প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে আমাকে সহযোগিতা করে। এটাই আমার উপার্জনের প্রথম সূত্র। আর বিভিন্ন অনুষ্ঠান বা বিয়েতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আমি নিজে কিছু উপার্জন করি। তবে এর অর্ধেক চলে যায় এক কক্ষের যে বাসায় থাকি তার ভাড়া দিতে। সূত্র: বিবিসি অনলাইন।