ইরাকি ভাইস প্রেসিডেন্ট হাশেমির মৃত্যুদণ্ড
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশেমিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। শাস্তি এড়াতে আল-হাশেমি কয়েক মাস ধরে পলাতক।ইরাকের সর্বোচ্চ বিচার বিভাগের মুখপাত্র আবদুল সাত্তার আল-বের্কদার বলেন, একজন নারী আইনজীবী ও একজন সেনাবাহিনীর জেনারেলকে হত্যায় আল-হাশেমির সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।আল-বের্কদার বলেন, ‘আল-হাশেমির বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও, এই প্রথম তিনি কোনো মামলায় সাজা পেলেন।’ ইরাকের কেন্দ্রীয় ফৌজদারি আদালত হাশেমি ও তাঁর মেয়ে জামাই আহমেদ খাতানকে ওই মামলায় শাস্তি দেন। তবে খাতান এখনো পলাতক। মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন হাশেমি। ইরাকের পার্লামেন্ট তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে—এমন অভিযোগ তুলে আল-হাশেমির নেতৃত্বাধীন সুন্নি সংখ্যাগরিষ্ঠ ইরাকিয়া জোট গত বছর পার্লামেন্টের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। বিবিসি।