ইরাকি সেনাদের নির্বিচারে হত্যার দাবি জঙ্গিদের

ইরাকের আল-কায়েদা-সমর্থিত সুন্নিপন্থী জঙ্গি সংগঠন আইএসআইএস দেশটির সেনাবাহিনীর এক হাজার ৭০০ সদস্যকে হত্যার দাবি করেছে। দাবির সমর্থনে ওই নৃশংসতার অসংখ্য ছবি ইন্টারনেটে প্রকাশ করেছে সংগঠনটি।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার গণহত্যার ওই স্থির ছবিগুলো আইএসআইএসের টুইটারে পোস্ট করা হয়।
ছবিতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্যকে ধরে নিয়ে গণহারে গুলি করে হত্যা করছে জঙ্গিরা। ইরাক সরকারের পক্ষ থেকে ছবিগুলোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
তবে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল কাসিম আল মৌসাবির ভাষ্য, ছবিতে বর্ণিত গণহত্যা সালাউদ্দিন প্রদেশে ঘটেছে।
নিরপেক্ষ কোনো সূত্র থেকে ছবিগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়। তা ছাড়া সালাউদ্দিন প্রদেশের কোথাও এত মানুষের দাফনের কোনো তথ্য পাওয়া যায়নি।
জঙ্গিদের দাবি সত্য হলে, ২০০৩ সালে ইঙ্গ-মার্কিন বাহিনীর ইরাক আগ্রাসনের পর এটাই হবে এককভাবে বড় কোনো নৃশংসতা।
প্রায় এক সপ্তাহ আগে অভিযান শুরু করে ইরাকের একটি প্রদেশ ও কয়েকটি প্রদেশের অংশবিশেষ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে জঙ্গিরা। তাদের প্রতিরোধে দেশটির সরকারি বাহিনী কার্যত ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে ইরাক সরকারকে সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আরব উপসাগরে যুদ্ধবিমানবাহী একটি রণতরিও পাঠিয়েছে পেন্টাগন।