ইরাকে অপহরণ-বাণিজ্য
১৯ বছরের ইরাকি যুবক মেহদি। কয়েক দিন ধরে তাঁর মুঠোফোনে ফোন করছিলেন একটি মেয়ে। সেই সূত্রে কথা বলতে বলতে দুজনের মধ্যে কিছুটা অন্তরঙ্গতাও সৃষ্টি হয়। ঠিক হয় দুজন সাক্ষাৎ করবেন। মেহদি আশা করেছিলেন, কেউ তাঁর জন্য ফুল নিয়ে অপেক্ষা করবেন। কিন্তু কথামতো ঠিক সময়ে নির্ধারিত স্থানে পৌঁছেই তাঁকে পড়তে হলো বন্দুকের নলের মুখে। জোর করে গাড়িতে তুলে তাঁর চোখ বেঁধে ফেলা হলো। দুই সপ্তাহ পর তাঁর বাবা ৬০ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দেওয়ার পর ছাড়া পেলেন মেহদি।মেহদির ঘটনাটি ২০০৯ সালের। কিন্তু তারপর এই অপহরণ-বাণিজ্য বেড়ে গেছে কয়েক গুণ। ইরাকের অপরাধী চক্র ও বিদ্রোহী সংগঠনগুলোর কাছে এটি এখন এক লোভনীয় কারবার।২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের মুখে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর ইরাক কার্যত এক অরাজক দেশে পরিণত হয়। ওই পরিস্থিতিতে বিশেষ করে, ২০০৫ থেকে ২০০৭ সালে শিয়া-সুন্নি রক্তক্ষয়ী সংঘাতের সময় ভয়াবহ আকারে বেড়ে যায় অপহরণের ঘটনা।ইরাকে বসবাসরত বিদেশি নাগরিক, সম্পদশালী লোকজন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন এখন বিস্ফোরণ-প্রতিরোধী দেয়াল ও নিরাপত্তারক্ষীদের প্রতিরক্ষা বূহ্যের অন্তরালে। নিরাপত্তারক্ষী ছাড়া তাঁরা ঘরের বাইরে এক পা ফেলেন না। কিন্তু এত সব ব্যবস্থা করে পেশাজীবী ও ছোট ব্যবসায়ীদের সামর্থ্যে কুলায় না। এ জন্য তাঁরাই পরিণত হচ্ছেন অপহরণকারীদের শিকারে। বড় অঙ্কের মুক্তিপণ দিতে পারলে বাঁচা, নয়তো জীবনটাই হারাতে হচ্ছে তাঁদের।যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান একেইর হিসাব মতে, গত এপ্রিল, মে ও জুন প্রতি মাসে ছয় থেকে সাতজন ইরাকি অপহরণের শিকার হয়েছে। প্রতিটি ঘটনায় গড়ে মুক্তিপণ গুনতে হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার।একেইর বিশ্লেষক জন ড্রেক বলেন, অপহরণের ঘটনা ইরাকে নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক ঘটনা তো জানাই যায় না।ইরাকি কর্তৃপক্ষ বলছে, অপহরণের বেশির ভাগ ঘটনার সঙ্গে জড়িত বিদ্রোহীরাই। মুক্তিপণ থেকে আদায় করা অর্থ তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয় করছে। তবে তারা স্বীকার করেছে, নিছক অপরাধীরাও কিছু অপহরণের ঘটনা ঘটাচ্ছে।পরিচয় প্রকাশ না করার শর্তে বাগদাদের এক পুলিশ কর্মকর্তা বলেন, কোনো কোনো চক্র সরকারি কার্যালয়, গাড়ির শোরুমসহ বিভিন্ন জায়গায় ঘুরে শিকার খোঁজে।এদিকে যাঁরা একবার অপহূত হয়ে মুক্তি পান, তাঁরা তাঁদের ঘটনা প্রকাশ্যে বলতে চান না। কারণ তাঁদের ভয়, তাঁদের আবার অপহরণ করা হতে পারে। ফলে অপহরণের অনেক ঘটনাই চাপা পড়ে যায়।কিরকুক প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ২০১০ সালে ইরাকে ৬০টি অপহরণের ঘটনা ঘটে। অথচ চলতি বছরের প্রথম পাঁচ মাসেই শুধু কিরকুকেই ৩০ জনকে অপহরণ করা হয়। এতে বোঝা যায়, অপহরণের ঘটনা কতখানি বেড়েছে। এএফপি।