ইরাকে অস্ত্র খুঁজে না পাওয়ার বিষয়টি আমাকে পীড়া দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ইরাক থেকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র (ওয়েপনস অব ম্যাস ডেসট্রাকশন, সংক্ষেপে ডব্লিউএমডি) খুঁজে বের করার ব্যর্থতা এখনো তাঁর জন্য পীড়াদায়ক অনুভূতির সৃষ্টি করে। আগামী সপ্তাহে প্রকাশিতব্য স্মৃতিকথা ডিসিশন পয়েন্টস-এ তিনি এ কথা বলেছেন। বুশ বইতে বলেছেন, ইরাকে ডব্লিউএমডি পাওয়া যায়নি শুনে তিনি যতটা মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছিলেন, অন্য কেউ ততটা হয়নি। তবে সাদ্দাম হোসেনকে অপসারণ করা ইরাক ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ভালো ছিল বলে জোরের সঙ্গে দাবি করেছেন তিনি।মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বইটির একটি কপি আগেভাগেই তাদের হাতে এসেছে। ওই বইয়ের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বুশ এতে ইরাক যুদ্ধসহ তাঁর জীবনের বড় বড় ১৪টি ঘটনার বিবরণ দিয়েছেন। ক্ষমতার শেষদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দাবস্থা তুঙ্গে ওঠায় তাঁর অসহায়ত্বের অনুভূতির কথাও স্বীকার করেছেন বুশ। তবে বইয়ের কোথাও তিনি উত্তরসূরি প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে মন্তব্য করেননি।জর্জ ডব্লিউ বুশ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ‘খুনি একনায়ক’ আখ্যা দিয়ে বলেছেন, সাদ্দাম ছাড়া ইরাকের জনগণ তুলনামূলকভাবে ভালো জীবন যাপন করছে। আর রাসায়নিক অথবা জীবাণু অস্ত্র নির্মাণের চেষ্টারত সাদ্দামকে নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না বলে যুক্তরাষ্ট্রও ভালো আছে। বুশ স্বীকার করেন, ইরাকে ডব্লিউএমডি খুঁজে না পাওয়ার খবর শুনে তিনি ভয়ানক ধাক্কা খেয়েছিলেন। বুশ বলেন, ‘যখন জানলাম আমরা সেখানে কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র খুঁজে পাইনি, তখন আমার চেয়ে বেশি মর্মাহত ও ক্ষুব্ধ আর কেউ হয়নি। এখনো এ বিষয়টি মনে পড়লে অসুস্থ করে দেওয়ার মতো পীড়াদায়ক অনুভূতি আমাকে বিপর্যস্ত করে।’বুশ আরও জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে মার্কিন প্রশাসনের ‘ডার্থ ভেডার’ হিসেবে দেখা হতো। বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনি দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক-এর একটি চরিত্র ডার্থ ভেডার। রাজনীতি ও টিভি অনুষ্ঠানসহ জনপ্রিয় সংস্কৃতিতে এ নামটি অশুভের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছে।বুশ বলেন, ২০০৩ সালে এক দিন একান্তে মধ্যাহ্ন ভোজের সময় ডিক চেনি ২০০৪ সালের পুনর্নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাঁর নিজের সরে দাঁড়ানোর প্রস্তাব দেন। বুশ লিখেছেন, তিনি চাইছিলেন ডিক চেনি হোয়াইট হাউসের মূল সিদ্ধান্ত গ্রহণকারী—অনেকের এমন ধারণা ভেঙে দিতে। তবু তিনি শেষ পর্যন্ত চেনিকে ‘রানিং মেট’ হিসেবে রাখেন। তবে প্রথমে চেনিকে বাদ দিয়ে টেনেসির সিনেটর বিল ফ্রিস্টের কথা ভেবেছিলেন।জর্জ বুশ স্বীকার করেন, ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাত সামলানোর বিষয়ে তাঁর নেওয়া পদক্ষেপে কিছু ভুল ছিল। বিবিসি।