ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ১৬
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে পুলিশের সদর দপ্তরে গতকাল রোববার বন্দুকধারীদের হামলা এবং আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। নিহতের মোট সংখ্যা ৩০ জন বলে প্রথমে খবর প্রকাশিত হলেও পরে তা সংশোধন করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার সারহাদ কাদের বলেন, জঙ্গিরা বিস্ফোরণ ঘটানোর পর এলাকাটি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। দুই জঙ্গি পুলিশের পোশাক পরে ওই হামলা চালিয়েছিল। তাদের একজন ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন বিধ্বস্ত হয়। কিরকুক এলাকায় তেলসম্পদ ও ভূমির মালিকানা নিয়ে সরকার ও কুর্দি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শহরটিতে অবস্থিত কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ে দুই সপ্তাহ আগে এক আত্মঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছিল। ওই হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। শহরটিতে আরব, কুর্দি ও তুর্কি সম্প্রদায়ের বসতি রয়েছে। বিবিসি ও এএফপি।