ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৩৩
ইরাকের বাকুবা শহরে গতকাল বুধবার পর পর তিনটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। দেশে সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে দুটি থানা ও একটি হাসপাতাল লক্ষ্য করে এসব হামলা চালানো হলো। এএফপি ও রয়টার্স।আগামী রোববার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের মধ্যেও এ ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এর আগে আল-কায়েদা ইন ইরাকের (একিউআই) নেতা আবু ওমর আল বাগদাদি ওই নির্বাচন ভণ্ডুলের হুমকি দিয়েছিলেন।পুলিশ জানায়, বাকুবা শহরে প্রাদেশিক গৃহায়ণ বিভাগের কার্যালয় চত্বরে প্রথম আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকালে সাড়ে নয়টার দিকে হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে ওই চত্বরে প্রবেশ করে একটি পুলিশফাঁড়িতে হামলা চালায়। এর কিছুক্ষণ পর কাছেই ট্রাফিক পুলিশফাঁড়িতে পৃথক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এর পরই শহরের প্রধান হাসপাতাল প্রকম্পিত হয়ে ওঠে আরেকটি আত্মঘাতী হামলায়। ওই হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া হচ্ছিল।স্থানীয় কর্মকর্তারা জানান, হতাহতদের দেখতে পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল হুসেন আল-সিম্মারি বাকুবার প্রধান হাসপাতালে যান। আত্মঘাতী এক হামলাকারী পুলিশের পোশাকের ছদ্মাবরণে হেঁটে ওই হাসপাতালে ঢুকে পড়েছিলেন। পুলিশপ্রধানকে লক্ষ্য করেই তিনি হামলাটি চালান। তবে পুলিশপ্রধান অক্ষত রয়েছেন। হামলায় আহত হয়েছেন তাঁর নিরাপত্তায় নিয়োজিত বেশ কয়েকজন পুলিশ সদস্য।ইরাক সরকারের মুখপাত্র সামিরা আল-শিবলি জানান, হামলার পর প্রদেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। সব বড় শহরের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।নির্বাচন ঘিরে আরও ভয়াবহ হামলার আশঙ্কা করছেন সাধারণ ইরাকিরা। ৫ ফেব্রুয়ারি কারবালায় ভয়াবহ হামলার পর এটাই বড় ধরনের হামলার ঘটনা। কারবালার ওই হামলায় ৪১ জন নিহত হন।