ইরাকে আল-কায়েদার হামলা, ২৭ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে গতকাল সোমবার আল-কায়েদার হামলায় ২৭ জন পুলিশ নিহত হয়েছে। এর মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন রয়েছেন। আনবার প্রদেশের হাদিতা শহরে গতকাল স্থানীয় সময় রাত দুইটা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত পুলিশের কয়েকটি তল্লাশি চৌকিতে এবং পুলিশ কর্মকর্তাদের বাড়িতে এ হামলা চালানো হয়। হামলার পর হাদিতা শহরে কারফিউ জারি এবং শহরের প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শহরটির পুলিশের মুখপাত্র মেজর তারেক সায়েহ হারদান বলেন, বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর পোশাকে এসে এ হামলা চালায়। এ সময় তাদের কাছে মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। হারদান আরও জানান, হামলাকারীদের ফেলে যাওয়া একটি গাড়িতে পাওয়া তথ্য থেকে তদন্তকারীরা ধারণা করছেন হামলাটি আল-কায়েদা চালিয়েছে। পুলিশ লেফটেন্যান্ট কর্নেল ওয়ায়েদ খালাফ বলেন, ‘বন্দুকধারীরা শহরে ঢুকেই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে। তিনি জানান, ৫০ জনের বেশি বন্দুকধারী একসঙ্গে এ হামলা চালায়। তবে এতে একজন হামলাকারীও নিহত হয়েছে। হাদিতা হাসপাতাল সূত্র জানায়, তারা এ পর্যন্ত এ ঘটনায় ২৭ জনের মৃতদেহ পেয়েছেন এবং আহত তিনজনকে চিকিৎসা দিচ্ছেন।লেফটেন্যান্ট কর্নেল ওয়ায়েদ খালাফ বলেন, হামলাকারীরা কর্নেল মোহাম্মদ সাইফুর ও ক্যাপ্টেন খালেদ মোহাম্মদ সাইলের বাড়িতে হামলা চালায়। তারা প্রত্যেকের বাড়িতে তিনজন করে দেহরক্ষীকে হত্যা করে ওই দুই কর্মকর্তাকে অপরহরণ করে। এএফপি ও রয়টার্স।