ইরাকে এক হয়েছে প্রধান দুই শিয়া জোট
ইরাকের প্রধান দুটি শিয়া জোট মিলে নতুন পার্লামেন্টে বৃহত্তম জোট গড়েছে। ন্যাশনাল অ্যালায়েন্স নামের এই জোটে বিদায়ী প্রধানমন্ত্রী নুরি আল মালিকির স্টেট অব ল কোয়ালিশনের সঙ্গে অপর শিয়া নেতা মুকতাদা আল সদরের দল এক হয়েছে। ভিড়েছে অন্যান্য ছোটখাটো শিয়া দলও। আগামীকাল সোমবার যখন ইরাকের নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হবে, তখন এই শিয়া জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র চারটি আসন পিছিয়ে থাকবে। তবে এ ব্যাপারে কুর্দিরা তাদের সহযোগিতা করতে পারে। কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর গতকাল শনিবার শিয়া জোটগুলো অখণ্ড একটি জোট গড়ার কথা ঘোষণা করে। বিষয়টি এরই মধ্যে পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকারকে জানানো হয়েছে বলে তারা জানায়। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মাত্র কয়েকটি আসন পিছিয়ে থাকলেও গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম স্থান অর্জনকারী সুন্নি জোট থেকে ভালো অবস্থানে আছে তারা। সুন্নি নেতা আইয়াদ আলাবির নেতৃত্বাধীন জোট ৯১টি আসন পায়। মাত্র দুটি আসন বেশি পেয়ে তারা প্রথম স্থান অর্জন করে। নির্বাচনে নুরি আল মালিকির নেতৃত্বাধীন জোট দ্বিতীয় স্থান ও ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স তৃতীয় স্থান লাভ করে। ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্সের আইনপ্রণেতা করিম ইয়াকুবি বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহযোগিতা করতে কুর্দি জোট তাদের নতুন জোটের সঙ্গে হাত মেলাবে। বাগদাদে অবস্থানরত সাংবাদিকেরা জানান, শিয়া ও সুন্নি উভয় জোট সরকার গঠনের অধিকার অর্জনের দাবি করছে। এ ব্যাপারে সংবিধানে কী আছে, তা এখনো পরিষ্কার নয়। বিবিসি।