ইরাকে এত মৃত্যু, তবু মানুষ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেনের শাসনামলের পতনের পর দেশটিতে সন্ত্রাসী হামলা নৈমিত্তিক ঘটনা। আত্মঘাতী হামলার ঘটনা সেখানে অহরহই ঘটছে। মানুষও মারা যাচ্ছে অনেক। এর পরও জনসংখ্যার ওপর এর কোনো প্রভাব পড়েনি। আগের যেকোনো সময়ের চেয়ে ইরাকের জনসংখ্যার এখন ঊর্ধ্বগতি।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ২০১৩ সালে ইরাকে নানা ঘটনায় সাত হাজার ৮১৮ জন ও নিরাপত্তা বাহিনীর এক হাজার ৫০ জন সদস্য নিহত হয়েছেন; যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। সাম্প্রতিক এসব ঘটনা এবং এক দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দেশটির জনসংখ্যা বেড়েই চলেছে।
এক জরিপে দেখা গেছে, ২০০৩ সালে ইরাকে বিদেশি বাহিনী প্রবেশ করার পর থেকে দেশটিতে এক লাখ থেকে ১০ লাখেরও বেশি লোক নিহত হয়েছে।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক শিক্ষা বিভাগের গ্লেন রঙওয়ালা বলেন, নানাভাবে নিহত ব্যক্তিদের হিসাব করা হয়। অনেক ক্ষেত্রে হয়তো কেউ বাদই পড়ে যায়, আবার অনেক ক্ষেত্রে একজনকেই হয়তো দু-তিনবার হিসাব করা হয়। এতে এই সংখ্যা বিভিন্ন হতে পারে। তিনি মনে করেন, এ ক্ষেত্রে দুটি উপায়ে হিসাব নেওয়া যেতে পারে। প্রথমত, কোনো সংঘর্ষের ঘটনায় প্রতিটি মৃত্যুর হিসাব নেওয়া যেতে পারে। নেওয়া যেতে পারে অথবা কোনো আক্রমণের আগে ও পরে মোট জনসংখ্যার হিসাব।
প্রথম ক্ষেত্রে পুলিশ, মর্গ অথবা সেনাবাহিনী এমনকি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও এ তথ্য সংগ্রহ করা যেতে পারে। ইরাক বডি কাউন্ট এই উপায়ে তথ্য সংগ্রহ করে থাকে। তাদের এক হিসাবেই দেখা গেছে, ২০০৩ সাল থেকে দেশটিতে এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৩৩ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে।
আর দ্বিতীয় উপায়টি হলো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা।

কিন্তু এত প্রাণহানির ঘটনার পরও ২০০৩ সাল থেকে ইরাকে জনসংখ্যা উল্লেখজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৩ সালে ইরাকের জনসংখ্যা ছিল দুই কোটি ৫০ লাখ। আর এখন তা বেড়ে তিন কোটি ৩০ লাখ। তবে এই হিসাব যে পুরোপুরি ঠিক, এমনটা দাবি করা যাবে না।
দেশটিতে ১৯৯৭ সালের পর থেকে কোনো আদমশুমারি অনুষ্ঠিত হয়নি। এর পরও গবেষকেরা বিভিন্ন জরিপ করে এ জনসংখ্যা বের করেছেন।
এই জনসংখ্যা বৃদ্ধির সহজ কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘের ডেমোগ্রাফিক এসটিমেটস অ্যান্ড প্রজেকশন সেকশনের প্যাটরিক জারল্যান্ড বলেন, মৃত্যুর চেয়ে জন্মহার বেশি। অনেক পরিবারেই গড়ে চারটি বা এরও বেশি সন্তান রয়েছে। এতে প্রতি ছয় লাখ লোক যোগ হচ্ছে। আগে শিশুমৃত্যুর হার বেশি ছিল, যা এখন অনেকটাই কমে এসেছে।
এ ছাড়া ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুলনা করলে ইরাকের প্রজননের হারও বেশি। প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সেখানে গড়ে প্রতি পরিবারে সন্তানের সংখ্যা দুজন। এর কারণ হলো ইরাকে কয়েক দশক ধরে চলা অস্থিরতা ও যুদ্ধের মধ্যে ইরান তাদের জনস্বাস্থ্য খাতকে ব্যাপক আধুনিকায়ন করেছে।
গত দুই দশকে দেশটিতে তিনটি শুমারি অনুষ্ঠিত হয়েছে। ইসলামি বিপ্লবের পর ইরানে বেশ পরিবারবান্ধব নীতি গ্রহণ করা হয়। বিশেষ করে মা ও সন্তানের সুবিধার্থে জনস্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি করা হয়।
গারল্যান্ড বলেন, ইরানে নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে, যে কারণে সেখানে জন্মহার কম। কিন্তু ইরাকের মতো যেসব দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেসব দেশের জন্য স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং কর্মসংস্থানসহ অনেক কিছু এখন চ্যালেঞ্জ।
যতক্ষণ পর্যন্ত না এসব সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত জন্মহার বাড়তেই থাকবে ফলে জনসংখ্যাও বাড়তে থাকবে।