ইরাকে কয়েক শ বন্দীর মুক্তি
ইরাকের কর্তৃপক্ষ সে দেশের কারাগার থেকে গত সোমবার ১৭৫ জন বন্দীকে মুক্তি দিয়েছে। গত সপ্তাহে এ রকম আরও কয়েক শ বন্দীকে মুক্তি দেওয়া হয়। শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনরত সুন্নি বিক্ষোভকারীদের প্রতি সরকারের তরফে একধরনের ছাড় হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।উপপ্রধানমন্ত্রী হুসেইন শাহরিস্তানি বলেন, গত সপ্তাহে ৩৩৫ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বিনা অভিযোগে যাঁরা দীর্ঘ মেয়াদে কারাগারে বন্দিজীবন কাটিয়েছেন, তাঁদের প্রতি ‘ইরাকি জনগণের পক্ষ থেকে’ দুঃখ প্রকাশও করেন তিনি। দেশজুড়ে চলা লাখো সুন্নি বিক্ষোভকারীর অভিযোগ, সরকার তাঁদের প্রতি বৈষম্য দেখাচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে নজর দিতে একটি কমিটি গঠন করেছেন। উপপ্রধানমন্ত্রী শাহরিস্তানি এই কমিটির প্রধান।সুন্নি অধ্যুষিত এলাকাগুলোতে গত তিন সপ্তাহ ধরে ওই বিক্ষোভ চলছে। কোনো রকম অভিযোগ ছাড়া কারাগারে আটক থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়া, বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর অন্যতম। বন্দিমুক্তি উপলক্ষে রাজধানী বাগদাদের একটি কারাগারে সোমবার অনুষ্ঠান আয়োজন করা হয়। বিবিসি।