ইরাকে গণবিধ্বংসী কোনো অস্ত্র ছিল না
প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না। দেশটিতে হামলার আগেই এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স জানত। বিবিসি টেলিভিশনে গতকাল সোমবার প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে (প্যানোরামা) এসব তথ্য জানানো হয়েছে।ইরাকে ২০০৩ সালে পশ্চিমা বাহিনীর হামলা শুরুর আগে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পার্লামেন্টে বলেছিলেন, ইরাকে ‘সক্রিয়’, ‘প্রক্রিয়াধীন’ ও ‘কার্যকর’ পারমাণবিক, রাসায়নিক ও জৈব অস্ত্রের মজুত রয়েছে।অথচ প্যানোরামা বলছে, ইরাকে হামলার কয়েক মাস আগে দেশটির ভান্ডারে গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্রের মজুত না থাকার ব্যাপারে সিআইএ ও এমআই-সিক্স নিশ্চিত হয়েছিল। তবে পরে এ তথ্যের ব্যাপারে যাচাই করে দেখা হয়নি। সাদ্দাম হোসেনের সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নাজি সাবরি তাঁর দেশে রাসায়নিক অস্ত্র নেই বলে সিআইএর প্যারিস শাখার তৎকালীন প্রধান বিল মারেকে নিশ্চিত করেছিলেন। এ ছাড়া যুদ্ধ শুরু হওয়ার তিন মাস আগে এমআই-সিক্সের একজন কর্মকর্তা ইরাকের গোয়োন্দা বাহিনীর প্রধান তাহির হাবাশ আল তিকরিতির সঙ্গে জর্ডানের রাজধানী আম্মানে বৈঠক করেন। সাদ্দামের কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই বলে তিকরিতিও তখন নিশ্চিত করেছিলেন।সাবরি অবশ্য প্যানোরামার তথ্যকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে একটি বিবৃতি দিয়েছেন। ২০০২ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ইরাকের অস্ত্রভান্ডারে রাসায়নিক অস্ত্রের মজুত সম্পর্কে জোরালো তথ্য রয়েছে বলে দাবি করে কিছু দলিলপত্র প্রকাশ করে। যুক্তরাজ্যের তৎকালীন ভূমিকা এখন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। ইরাকের অস্ত্রভান্ডার সম্পর্কে তদন্তকারী যুক্তরাজ্যের সাবেক মন্ত্রিপরিষদ সচিব লর্ড বাটলার প্যানোরামাকে বলেন, সাবরির মন্তব্যের ব্যাপারে তাঁকে কিছুই জানানো হয়নি। গোয়েন্দা সংস্থাগুলো জনগণের পাশাপাশি নিজেদেরও ভুল পথে পরিচালিত করেছিল।এমআই-সিক্সের তৎকালীন প্রধান স্যার রিচার্ড ডিয়ারলাভ ইরাকি গোয়েন্দা তথ্যের প্রতি সাড়া দেন এবং পরে সেগুলোকে নির্ভরযোগ্য নয় বলে উল্লেখ করেন। নাইজারের কাছ থেকে ইরান ইউরেনিয়াম ক্রয় করে বলে এমআই-সিক্স দাবি করেছিল। তবে ফরাসি ও অন্য গোয়েন্দা সংস্থা এ তথ্যকে অসত্য বলে উড়িয়ে দেয়। প্যানোরামা জানায়, এ ব্যাপারে টনি ব্লেয়ারের একটি সাক্ষাৎকার গ্রহণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত বলে জানিয়েছিলেন।ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার ভিত্তি হিসেবে অসত্য ও খামখেয়ালিপূর্ণ গোয়েন্দাতথ্য ব্যবহারের অভিযোগে পরবর্তী সময় ব্যাপক সমালোচনা হয়েছে। গার্ডিয়ান।