ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২০

ইরাকের বিভিন্ন স্থানে শিয়া মুসলমানদের লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় আজ রোববার কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ও গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ ঘটনা দেশটিতে নতুন করে সাম্প্রদায়িক সংঘাত উসকে দিতে পারে।
পুলিশ বলছে, কুট, আজিজিয়া, মাহমুদিয়া, নাসিরিয়া ও বসরা শহরের বিভিন্ন স্থানে গাড়িবোমা হামলা হয়।
বাগদাদ থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে শিয়া-অধ্যুষিত শহর বসরায় পৃথক স্থানে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। পুলিশ জানায়, ওই দুই বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
ওয়াসিত প্রদেশের রাজধানী কুট। এখানে একটি গাড়ি মেরামতের গ্যারেজের রেস্তোরাঁর বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাতজন মানুষ প্রায় হারায় এবং আহত হয় ১৫ জন।
আজিজিয়া শহরে শিয়াদের একটি মসজিদের বাইরে গাড়িবোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া নাসিরিয়া ও মাহমুদিয়া শহরে বোমা হামলায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের হিসাবে দেশটিতে গত মে মাসে এ ধরনের সংঘাতে কমপক্ষে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী দেশটিতে হামলা চালায় ও দখল করে। পরে ইরাকের দলগুলোর ব্যাপক হামলা ও আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা সরিয়ে নেয় এবং বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করে। এ সরকারের আমলে গত মে মাসেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে।