ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের উত্তরাঞ্চলের শহর কিরকুকে গতকাল বুধবার তিনটি গাড়িবোমা হামলায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭৫ জন। পুলিশ ও হাসপাতাল সূত্র এ কথা জানায়। কিরকুকের স্বাস্থ্য বিভাগের প্রধান সাদিক ওমার রাসুল জানান, গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শহরের পশ্চিমে প্রায় একই সময় তিনটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। এ পর্যন্ত আটজনের মৃতদেহ পাওয়া গেছে। এ ছাড়া আহত ৭৫ জনকে কিরকুক জেনারেল ও আজাদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে এক নারী, এক শিশুসহ দুই পুলিশ সদস্য রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা জানান, প্রথম হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হন। দ্বিতীয় হামলাটি করা হয় পুলিশের একটি টহল দলের ওপর। কুর্দিদের নিরাপত্তা বাহিনীর ব্যবহূত একটি ভবনে তৃতীয় হামলাটি করা হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ধরনের হামলা প্রতিরোধে পুলিশ বিভিন্ন চেকপয়েন্টে তল্লাশি আরও জোরদার করেছে। রয়টার্স, এএফপি।