ইরাকে গুলিতে একই পরিবারের আটজন নিহত
ইরাকে বন্দুকধারীরা গতকাল বুধবার গুলি করে একজন আইনজীবী ও তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যা করেছে। বিচারক ও আইনজীবীরা আল-কায়েদার নতুন লক্ষ্যবস্তু হবে—আল-কায়েদা এমন হুঁশিয়ারি উচ্চারণ করার কয়েক দিন পর এই হত্যাকাণ্ড ঘটল।রাজধানী বাগদাদ থেকে ১২০ মাইল উত্তরে অবস্থিত বাজি শহরে গতকাল সকালে ওই হত্যা সংঘটিত হয়। এ সময় বন্দুকধারীদের গুলিতে খাইরল্লাহ শাতি নামের আইনজীবী ছাড়াও তাঁর স্ত্রী, পাঁচ ছেলে এবং আরেকজন আত্মীয় নিহত হন। নিহত পাঁচ ছেলের মধ্যে একজন দেশটির বিচার বিভাগীয় তদন্তকারী।বাজি শহরের এক পুলিশ কর্মকর্তা ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, বন্দুকধারীরা আইনজীবী খাইরল্লাহর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আল-কায়েদার সহযোগী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক (আইএসআই) গত জুলাই মাসে ঘোষণা দেয়, তারা এলাকা পুনরুদ্ধারে নতুন অভিযান শুরু করছে। এএফপি।