ইরাকে জঙ্গি নির্মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে তাঁদের নামাজ পড়তে বাধ্য করা হয়। নামাজের ধরন দেখে সুন্নি না শিয়া, তা নিশ্চিত হতেই এ ব্যবস্থা। শিয়া নিশ্চিত হওয়ার পরপরই হত্যা করা হয়েছে তাঁদের। আরেক ঘটনায় কয়েকজনের শিরশ্ছেদ করা হয়।
ইরাকে জঙ্গিদের হাতে এভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার নয় ব্যক্তির মৃতদেহ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা ও চিকিৎসা বিভাগ সূত্র জানিয়েছে, যে দুটি ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তার উভয়টি ঘটেছে রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত সালেহদ্দিন প্রদেশে। প্রদেশের তুজ খুরমাতু শহরে একটি স্টেডিয়াম নির্মাণকাজের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ছয় পুলিশসদস্য। একসময় একদল জঙ্গি তাঁদের ঘিরে ফেলে গুলি করে। গুলিতে ছয় জন নিহত হন।
আহত পুলিশসদস্য জানান, তাঁরা সুন্নি না শিয়া সম্প্রদায়ের তা বের করার চেষ্টা করে জঙ্গিরা। শিয়া সম্প্রদায়ের হলেও জীবন বাঁচাতে প্রথমে তাঁরা সুন্নি সম্প্রদায়ের সদস্য বলে জানান। তবে বিষয়টি নিশ্চিত হতে জঙ্গিরা তাঁদের নামাজ পড়তে বলে। নামাজ পড়ার ধরন দেখে জঙ্গিরা নিশ্চিত হয়, তাঁরা সুন্নি নয়, শিয়া সম্প্রদায়ের। পৃথক ঘটনায় সালেহদ্দিন প্রদেশের রাজধানী তিকরিতের কাছ থেকে আল-কায়েদাবিরোধী একটি মিলিশিয়া গোষ্ঠীর প্রধান, তাঁর ছেলে ও চাচাতো ভাই গত বৃহস্পতিবার রাতে অপহূত হন। গতকাল সকালে একটি বাজারে তাঁদের দেহ থেকে বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এএফপি।