ইরাকে জঙ্গি মোকাবিলায় ফের মার্কিন সেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক অভিযান শেষ করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাঁচ দিন পরই আবারও জঙ্গি মোকাবিলায় অংশ নিল মার্কিন সেনারা। গত রোববার বাগদাদে ইরাকি বাহিনীর সদর দপ্তরে জঙ্গিরা হামলা চালায়। এ সময় জঙ্গিদের সঙ্গে মার্কিন সেনাদের ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়। এ হামলার ঘটনায় ইরাকি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। গত ৩১ আগস্ট ইরাক অভিযান শেষ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিক ঘোষণার পর এই প্রথম আবারও ইরাকে কোনো অভিযানে অংশ নিল মার্কিন সেনারা। আর এর মাধ্যমে এ বিষয়টিও স্পষ্ট হলো, মার্কিন সেনারা প্রয়োজনে যেকোনো সময় ইরাকে আবারও অভিযানে অংশ নিতে পারে।এ ছাড়া এই হামলার মধ্য দিয়ে এটাও প্রমাণ হলো দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করার মতো শক্তি ইরাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্জন করতে পারেনি। গত রোববার চারজন হামলাকারীর মধ্যে দুজন ইরাকি বাহিনীর সদর দপ্তর চত্বরে ঢুকে হামলা চালাতে সক্ষম হয়। তাদের মাত্র একজন নিহত হয়। বাগদাদে মার্কিন সেনা মুখপাত্র লে. কর্নেল এরিক ব্লুম জানান, রোববার যে কমপ্লেক্সে জঙ্গিরা হামলা চালায় সেখানে মার্কিন সেনাদের একটি উপদেষ্টা দল অবস্থান করছিল। পার্শ্ববর্তী ভবনে লুকিয়ে থাকা হামলাকারীরা তাদের ওপর গুলি চালালে তারাও পাল্টা গুলি ছোড়ে। বুম বলেন, ঘটনার সময় উপস্থিত সেনাদের সঙ্গে সামান্য অস্ত্র ছিল এবং তা দিয়ে তারা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তিনি আরও বলেন, পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে এবং খুব দ্রুত শেষ হয়ে যায়। এরিক ব্লুম জানান, ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সদর দপ্তরে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। জঙ্গিরা সদর দপ্তরে হামলা চালালে ইরাকি সেনারা মার্কিন বাহিনীর কাছে সহায়তা চান। এই আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালায় মার্কিন সেনারা। ইরাকের সামরিক বাহিনীর একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ছয়জন হামলাকারী সেনাদের মতো পোশাক পরে শরীরে বিস্ফোরক বেঁধে ওই হামলায় অংশ নেয়।উল্লেখ্য, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন সেনাদের আত্মরক্ষার জন্য গুলি চালানো ও ইরাকি বাহিনীর অনুরোধে অভিযানে অংশগ্রহণের অনুমতি রয়েছে। এপি, এএফপি।