ইরাকে জঙ্গি হামলায় ৩৮ নিরাপত্তা রক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে গতকাল বৃহস্পতিবার বেশ কয়েকটি জঙ্গি ও বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩৯ জন নিহত হয়েছে। ৪৭ জন আহত হয়। নিহতদের মধ্যে ৩৮ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। আজ শুক্রবার ডন ডটকমের এক খবরে জানানো হয়, পৃথক কয়েকটি হামলায় এই হতাহাতের ঘটনা ঘটে।

গতকাল ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাদিথা ও বাইজি এলাকার রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়। 

বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাদিয়া এলাকায় একটি দাফন অনুষ্ঠানে গাড়িবোমা ও একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত ও ২২ জন আহত হয়। হতাহতরা সবাই শিয়া সম্প্রদায়ের।

বাগদাদের উত্তরে তিকরিত এলাকায় রাস্তার পাশে টহল পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের তিন সদস্য নিহত ও পাঁচ জন আহত হয়।

আনবার প্রদেশের খালদিয়া এলাকায় একটি থানায় জঙ্গিদের গুলি ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পুলিশের চার সদস্য নিহত হয়। আহত হয় আটজন। এ সময় একজন হামলাকারীও নিহত হয়।

আনবার প্রদেশের ফালুজায় পুলিশ প্রধানের দপ্তরে জঙ্গি হামলায় পুলিশের একজন সদস্য নিহত ও তিনজন আহত হয়।

গতকাল দক্ষিণ বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত ও নয় জন আহত হন। এ ছাড়া মসুলে বন্দুকধারীদের গুলিতে এক সেনা সদস্য তাঁর বাসার সামনে নিহত হয়। একই এলাকায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে পুলিশের এক সদস্য নিহত হয়। এদিকে মসুলের দক্ষিণাঞ্চলীয় এলাকায় একজন ও বাগদাদের শারকাত এলাকায় বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়।