ইরাকে জঙ্গিদের দখলে আরেকটি শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদ অভিমুখে জঙ্গিদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাগদাদের কাছাকাছি জায়উনা এলাকায় বন্দুকধারীদের গুলিতে গত শনিবার রাতে অন্তত ২০ জন নারীসহ মোট ২৯ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
এদিকে ধুলুইয়াহ্ শহরের একটি অংশ জঙ্গিরা গতকাল রোববার দখল করে নেয়। এ সময় সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে চার পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়। স্থানীয় কর্মকর্তা মারওয়ান মিতাব বলেন, বাগদাদের মাত্র ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটিতে গতকাল সকালে লড়াই শুরু হয়। সেখানকার থানা ও সরকারি দুটি ভবনের নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা।
আর জায়উনায় দুটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলের এখানে-সেখানে লাশ ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট নয়। কোনো সংগঠন এখনো ওই হামলার দায় স্বীকার করেনি। সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়, ভবন দুটিতে যৌনকর্মীরা ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ, একটি ভবনের দরজায় হামলাকারীরা লিখে রেখেছে, ‘যেকোনো ধরনের পতিতাবৃত্তির পরিণতি এ রকম হবে’।
স্থানীয় লোকজন ওই হামলার জন্য শিয়া জঙ্গিদের দায়ী করছে। জায়উনা ও আশপাশের এলাকায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানকার একটি যৌনপল্লিতে গত বছরের মে মাসে সাত নারী ও পাঁচজন পুরুষকে গুলি করে হত্যা করা হয়। ইসলামি রীতি অনুযায়ী ইরাকে পতিতাবৃত্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সুন্নিপন্থী জিহাদি সংগঠন ইসলামিক স্টেট অব দি ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ তারা ইতিমধ্যে দখল করে নিয়েছে।
এদিকে স্বায়ত্তশাসিত কুর্দি-অধ্যুষিত অঞ্চলে চরমপন্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি অভিযোগ করায় তাঁর সরকারে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছেন কুর্দি মন্ত্রীরা। সাম্প্রতিক লড়াইয়ে শিয়া ও সুন্নি এবং কুর্দি সম্প্রদায়ের মধ্যে চরম জাতিগত বিরোধ দেখা দিয়েছে। শিয়া সম্প্রদায়ের নেতৃত্বাধীন সরকার সুন্নি জঙ্গিদের দমন করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
জিহাদি ‘বীর যোদ্ধাদের’ প্রশংসায় সাদ্দামের সাবেক সহকারী: ইরাকের প্রয়াত সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সহকারী ইজ্জাত ইব্রাহিম আল-দুরি আইএসআইএলের জঙ্গিদের প্রশংসা করেছেন। তাঁর একটি অডিওবার্তা শনিবার প্রকাশিত হয়েছে। মার্কিন বাহিনী ২০০৩ সালে যখন ইরাকে হামলা চালায়, আল-দুরি তখন ইরাকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি বর্তমানে পলাতক।