ইরাকে জোট সরকার গঠনের চেষ্টা করছেন আলাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে মাত্র দুই আসনের ব্যবধানে বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল মালিকির জোটকে হারিয়েছে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন জোট। তবে প্রধানমন্ত্রী মালিকি ফলাফল প্রত্যাখ্যান করে তা চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। এদিকে জোট সরকার গঠনের জন্য অন্য দলগুলোর সঙ্গে গতকাল শনিবার থেকে আলোচনা শুরু করেছেন আইয়াদ আলাবি।গত ৭ মার্চ ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, পার্লামেন্টের ৩২৫টি আসনের মধ্যে আলাবির নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ ‘ইরাকিয়া ব্লক’ পেয়েছে ৯১টি আসন। নূরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অব ল জোট পেয়েছে ৮৯টি আসন। ৭০টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স (আইএনএ)। এ ছাড়া কুর্দিস অ্যালায়েন্স পেয়েছে ৪৩টি আসন। নির্বাচনে এগিয়ে থাকায় জোট সরকার গঠনের প্রথম সুযোগ পেয়েছেন আলাবি। এ জন্য তাঁকে অন্তত ১৬৩ আসনের পার্লামেন্ট সদস্যের সমর্থন জোগাড় করতে হবে। ৩০ দিনের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হলে ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি অন্য জোটের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। পর্যবেক্ষকদের আশঙ্কা, নিরাপত্তা ও স্থিতিশীলতা এই নির্বাচনের লক্ষ্য হলেও ফলাফল নিয়ে নতুন সংকট তৈরি হতে পারে। শিয়া নেতা আইয়াদ আলাবি ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে আলাবি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। যাঁরা জয়ী হয়েছেন এবং জয়ী হননি, তাঁদের সবাইকে নিয়ে পরবর্তী সরকার গঠন করা হবে।’ পৃথক আরেক সাক্ষাত্কারে আলাবি জানান, ‘সব রাজনৈতিক দল ও যারা ইরাকের পুনর্গঠনে আগ্রহী, তাদের সবার জন্য আমার জোটের দুয়ার খোলা থাকবে।’ আলাবির এই বক্তব্য সত্ত্বেও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী নূরী আল মালিকি এই ফলাফল মেনে নিতে অস্বীকার করেছেন। গত শুক্রবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে মালিকি আবার ভোট গণনার দাবি জানান। তিনি বলেন, বাথ পার্টির সঙ্গে যোগসাজশ ছিল এমন অনেকেই এবারের নির্বাচনে জয়ী হয়েছেন। মালিকি বলেন, এখনো অনেক বিষয়ের নিষ্পত্তি হয়নি। তাই এই ফলাফলকে চূড়ান্ত বলার সময় আসেনি।অল্প ব্যবধানে জয়ী আলাবিকে সরকার গঠনের জন্য অনেক দলের সঙ্গে কথা বলতে হবে এবং সেই প্রক্রিয়া যে কত দীর্ঘস্থায়ী, তা পাঁচ বছর আগে ২০০৫ সালে নির্বাচনের পর দেখা গেছে। অতীত অভিজ্ঞতা বলে, সরকারবিহীন এই দীর্ঘ সময় ইরাককে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিতে পারে। ইরাকে একটি সফল নির্বাচন হওয়ায় অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি বলেন, ইরাকে গণতান্ত্রিক উন্নয়নে এ নির্বাচন একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। বাগদাদে নিযুক্ত জাতিসংঘের দূত এড মেলকার্ট গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে অভিহিত করেছেন এবং সব দলকে এ ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান। বোমা হামলায় নিহত ৫৭: বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে খালিস শহরে দুটি বোমা হামলায় ৫৭ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার ঘণ্টাখানেক আগে এ ঘটনা ঘটে। বিবিসি, এএফপি ও রয়টার্স।