ইরাকে নতুন দফা বোমা হামলায় নিহত ৪৯

ইরাকের রাজধানী বাগদাদের আশপাশে শিয়া এলাকাগুলোতে এবং দেশটির উত্তরাঞ্চলে একদল সেনার ওপর গাড়িবোমা হামলার ঘটনায় আজ রোববার অন্তত ৪৯ জন প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রয়টার্স বলছে, এখনো কোনো দল বা পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আল কায়েদাপন্থী সুন্নি মুসলিম সংগঠনগুলো শিয়া মুসলমানদের ওপর এসব প্রাণঘাতী হামলা চালানোর জন্য দায়ী। গত এক বছরে সুন্নিরা বহুবার শিয়াদের ওপর এ ধরনের হামলা চালিয়েছে।
ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করতে সুন্নি সংগঠনগুলো অহরহই সেনা ও নিরাপত্তারক্ষীদের ওপর এ ধরনের হামলা চালায়।
আজ সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে মসুল শহরে। পুলিশ জানায়, সেনারা যখন মাসের বেতন তোলার জন্য একটি সরকারি ব্যাংকে লাইন দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তখন এক ব্যক্তি গাড়িতে বিস্ফোরক ভরে ওই স্থানে গিয়ে নিজেকেসহ উড়িয়ে দেয়। ঘটনাস্থলে ১২ ব্যক্তি প্রাণ হারায়।
বাগদাদের আশপাশের এলাকাগুলোতে বোমা হামলায় বাকি ৩৭ ব্যক্তি মারা গেছে। নাহরাওয়ান শহরের এক ব্যস্ত বাজারে দুটি গাড়িবোমা হামলায় সাত ব্যক্তি প্রাণ হারিয়েছে।
বালাদিয়াত এলাকাতে মারা গেছে তিন ব্যক্তি। সেখান থেকে সুয়াদ আহমেদ নামের এক নারী বলেন, ‘আমি নাশতা করছিলাম। হঠাত্ বোমাতে ভবনটি কেঁপে উঠল, জানালাগুলো ভেঙেচুরে গেল আর পুরো খাবার টেবিল কাচের টুকরায় ভরে গেল। মারাত্মক ভয় পেয়েছিলাম। পাশের বাড়ির মহিলা ও শিশুদের আর্তনাদ শুনতে পেলাম। কান্না পেল। খুব বেশি করে মৃত্যুভয় পাচ্ছিল।’
ইরাক বডি কাউন্ট নামের একটি গবেষণা সংস্থা বলছে, এ বছর এখন পর্যন্ত ইরাকের বিভিন্ন স্থানে বোমা হামলায় কমপক্ষে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে।