ইরাকে নির্বাচনী প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে আসন্ন সাধারণ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা গতকাল শুক্রবার শুরু হয়েছে। আগামী ৭ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে অযোগ্য ঘোষিত ২৮ জন প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন বিচারকেরা। সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের বাথ পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই প্রার্থীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রাজধানী বাগদাদে পোস্টারিং শুরু করেন। কিছুটা উত্তেজনার মধ্যেই নির্বাচনী প্রচারণার এই কার্যক্রম শুরু হয়েছে। মূলত নির্বাচনে সাদ্দামের বাথ পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন প্রার্থীদের বাদ দেওয়ার বিষয়ে প্রাদেশিক নেতাদের দাবি নিয়ে উত্তেজনা দেখা দেয়। পাশাপাশি তাঁরা বাথ পার্টির কর্মী ছিলেন এমন কর্মীদেরও সরকারি কার্যালয় থেকে অব্যাহতি দেওয়ার দাবি তোলেন। এ পরিপ্রেক্ষিতে ইরাকের একটি বিশেষ কমিটির বিচারকেরা বৃহস্পতিবার রাতে ১৭৭ জন অযোগ্য ঘোষিত পদপ্রার্থীর মধ্যে ওই ২৮ জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেন। প্রাথমিকভাবে ৫০০ জন প্রার্থীকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। ইরাকের ইনডিপেন্ডেন্ট হাই ইলেকটোরাল কমিশন (আইএইচইসি) জানায়, এবারের ভোটার সংখ্যা প্রায় এক কোটি ৯০ লাখ। নির্বাচনে মোট সাড়ে ছয় হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটগ্রহণের জন্য ১০ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এএফপি।