ইরাকে প্রাদেশিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু
ইরাকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ গতকাল শনিবার শুরু হয়েছে। ২০১১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে এটাই প্রথম নির্বাচন।নির্বাচনে ইরাকের নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা রক্ষার ভূমিকা পালন করছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর এই প্রথম দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। সাদ্দাম হোসেন সরকারকে উৎখাতের ১০ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।ইরাকের প্রাদেশিক পরিষদের ৩৭৮টি আসনে আট হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় এক কোটি ৪০ লাখ।ভোট গ্রহণ চলাকালে গতকাল ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এ কারণে শিয়া-শাসিত সরকার সুন্নি-অধ্যুষিত দুটি প্রদেশে নির্বাচন স্থগিত করেছে। কয়েক সপ্তাহ থেকেই ইরাকের শিয়া-অধ্যুষিত অঞ্চলে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অনেক মানুষের প্রাণহানি ঘটে। বিবিসি।