ইরাকে ফের হোঁচট খেল সরকার গঠনের চেষ্টা
ইরাকে আরেক দফা ধাক্কা খেল নতুন সরকার গঠনের প্রচেষ্টা। গত রোববার কোনো অগ্রগতি ছাড়াই দেশটির নতুন পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। রাজনৈতিক অনৈক্যের সুযোগে এগিয়ে যাচ্ছে জঙ্গিরা। গতকাল সোমবার তারা দুলুইয়াহ শহরে নতুন করে হামলা শুরু করেছে। খবর আল-জাজিরা ও এএফপির।
ইরাকের পার্লামেন্ট সদস্যরা দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও স্পিকার নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে রোববার অধিবেশনে যোগ দেন। অধিবেশন মাত্র ৩০ মিনিট স্থায়ী হয়। পার্লামেন্ট নির্বাচনের তিন মাসের মাথায় গত মঙ্গলবার প্রথম অধিবেশন বসেছিল। ওই অধিবেশনের আগে ইরাকের প্রভাবশালী শিয়া নেতাসহ বিশ্বনেতারা ইরাকে শান্তি প্রতিষ্ঠায় নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি।
রোববার অন্তত একজন স্পিকার নির্বাচনের জন্য পার্লামেন্টে ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছিল। এই পদে একজন প্রার্থীর ব্যাপারে সমঝোতা হয়েছে—সুন্নিপন্থী এমপিরা আগের দিন এমন ঘোষণা দেওয়ার পর ওই সম্ভাবনা জেগেছিল। তবে পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার রোববার মাত্র ৩০ মিনিটের মাথায় অধিবেশন মুলতবি করে দেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘স্পিকার, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদে প্রার্থীর ব্যাপারে কোনো সমঝোতা হয়নি।’ আজ মঙ্গলবার আবার পার্লামেন্টের অধিবেশন বসবে বলেও জানান তিনি।
ইরাকের সংবিধান অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনের ৪৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও স্পিকার নির্বাচনের কাজ সেরে ফেলার কথা। প্রথা অনুসারে দেশটির শিয়া সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী, সুন্নি সম্প্রদায় থেকে স্পিকার এবং কুর্দি সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়ে থাকে। তবে গত ৯ জুন সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) ইরাকের বিভিন্ন শহর থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেওয়া শুরু করলে ইরাক পরিস্থিতি জটিল হতে থাকে। এতে শিয়াপন্থী বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করলেও দেশের ভেতরে-বাইরে তাঁর ব্যাপারে আপত্তি ওঠে। সব মিলিয়ে নতুন সরকার গঠনের বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠছে।