ইরাকে বন্দী নার্সরা ভারতে ফিরলেন
ইরাকে বন্দী ভারতীয় নার্সরা নিরাপদে দেশে ফিরলেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কেরালার এই নার্সরা কোচি পৌঁছেন। তাঁদের সঙ্গে ইরাক থেকে দেশে আসেন আরও ১৩৭ জন।
কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চন্ডিসহ রাজ্যের বিজেপি ও কংগ্রেস নেতারা ইরাকফেরত নার্সদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। নার্সদের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে একটা বড় সংকটের প্রথম অধ্যায়ের অবসান ঘটল। সরকার এখন বন্দী ৩৯ জন নির্মাণশ্রমিকের মুক্তির চেষ্টা চালাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন শনিবার বলেন, সরকার কয়েক দিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে। কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি তাঁর খুশি আড়াল করতে পারেননি। গত দুদিনে তিনি চারবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেছেন। সুষমার প্রশংসা করে তিনি বলেন, ভারতের কাছে এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। নতুন সরকারের কাছে এটা ছিল নতুন সংকট। কিন্তু সেই পরীক্ষায় পররাষ্ট্রমন্ত্রী উত্তীর্ণ। জঙ্গিদের সঙ্গে ভারতের কোনো ‘সমঝোতা’ হয়েছে কি না, সে বিষয়ে সরকারের কোনো মহল কিছু বলতে চায়নি। তবে পররাষ্ট্র মন্ত্রকের এক সূত্র জানায়, ১৯৯৯ সালে কান্দাহার ‘সমঝোতার’ মতো কিছু এবার ঘটেনি।
নার্সরা মুক্ত হলেও সরকারের গলার কাঁটা হয়ে খচখচ করছে ৩৯ জন নির্মাণকর্মী। তাঁরা অধিকাংশই পাঞ্জাবের। ওই রাজ্যের শাসক দল এনডিএর শরিক অকালি দল সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে। কিন্তু এখনো নির্মাণকর্মীদের মুক্তির বিষয়ে সরকার বিশেষ কিছু করতে পারেনি।