ইরাকে বিরোধীদের খোঁজে বাড়ি বাড়ি যাচ্ছে জঙ্গিরা
ইরাকের সুন্নি জঙ্গিরা তাদের বিরোধীদের খোঁজে বাড়ি বাড়ি যাচ্ছে। জঙ্গিদের দখলে থাকা শহরগুলোর উদ্বাস্তুরা এ কথা জানিয়েছে। এদিকে ইরাকের কুর্দি এলাকায় স্বাধীনতার বিষয়ে গণভোটের ঘোষণার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে জিম্মি ভারতীয় নার্সরা মুক্তি পেয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দি লেভান্ট বা আইএসআইএল জঙ্গিরা তাদের সম্প্রতি ঘোষিত ‘খিলাফত রাষ্ট্র’ এবং এর খলিফা আবু বকর আল-বাগদািদর প্রতি আনুগত্য প্রদর্শন করতে সরকারি কর্মী ও সেনাসদস্যদের আহ্বান জানাচ্ছে। তা না হলে তাঁদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে।
আইএসআইএল জঙ্গিদের দখলে থাকা শহরগুলো থেকে পালিয়ে এসে কুর্দি-নিয়ন্ত্রিত সিনজার শহরে আশ্রয় নিয়েছে বহু লোক। এদের বেশির ভাগই শিয়া, খ্রিষ্টান ও জাতিগত কুর্দি সম্প্রদায়ের সদস্য। এসব উদ্বাস্তুর সঙ্গে কথা বলেছেন বিবিসির সাংবাদিক কুয়েনটিন সোমারভিল।
হাসান নামের একজন কুর্দি বলেন, ‘শিয়াদের ক্ষেত্রে বিষয়টি এ রকম: তাদের বিনিময়ে বন্দীদের মুক্ত করে আনার কোনো সুযোগ না থাকলে (আইএসআইএল বিদ্রোহীরা) তাদের মাথা কেটে ফেলবে।’ হাসান নিজেও ১৬ দিন জঙ্গিদের হাতে জিম্মি ছিলেন। পরিবারের সদস্যরা ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার মুক্তিপণ দিয়ে তাঁকে মুক্ত করে এনেছে। মসুল থেকে পালিয়ে আসা প্রাদেশিক নেতা বাশার আল-খিকি জানান, জিহাদিরা লোকজনের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। কারা সরকার বা নিরাপত্তা বাহিনীর পক্ষে কাজ করে, তা শনাক্ত করতে জঙ্গিরা ডেটাবেইজ গড়ে তুলছে। তিনি বলেন, ‘তাঁরা অনুতপ্ত না হলে এবং খলিফার প্রতি আনুগত্য করার প্রতিশ্রুতি না দিলে তাঁদের হত্যা করা হবে। এ ধরনের বহু মানুষ মসুল থেকে নিরুদ্দেশ হয়ে গেছেন।’
মানবাধিকার সংস্থাগুলোও জানিয়েছে, আইএসআইএল জঙ্গিরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা অসুন্নি এবং বিরোধিতাকারীদের খুঁজে বের করে ধরে নিয়ে যাচ্ছে।
সুন্নিপন্থী আইএসআইএল জঙ্গিরা সম্প্রতি ইরাকের মসুলসহ বিভিন্ন শহর থেকে শিয়াপন্থী প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকারের নিরাপত্তা বাহিনীকে হটিয়ে দেয়। গত সপ্তাহে ঘোষণা দেয়, তারা নিয়ন্ত্রণে থাকা সিরীয় ও ইরাকি এলাকাগুলো নিয়ে একটি ‘খিলাফত’ প্রতিষ্ঠা করেছে। এর ‘খলিফা’ হিসেবে জঙ্গি সংগঠনটির নেতা আবু বকরের নাম ঘোষণা করা হয়।
কুর্দিদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিরোধিতা: ইরাক, সিরিয়া, ইরান ও তুরস্কের কুর্দি-অধ্যুষিত এলাকার জনগণের জন্য একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দীর্ঘদিনের। ইরাকে সুন্নি জঙ্গিদের বাড়-বাড়ন্তের সুযোগে ইরাকি কুর্দিরা এরই মধ্যে সেই স্বপ্ন পূরণের তৎপরতা শুরু করেছে। সম্প্রতি স্বায়ত্তশাসিত কুর্দি এলাকার নেতা মাসুদ বারজানি সেখানকার পার্লামেন্টকে ‘আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য একটি গণভোট’ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তবে যুক্তরাষ্ট্র কুর্দিদের এই উদ্যোগের বিরোধিতা করে গত বৃহস্পতিবার বলেছে, আইএসআইএল জঙ্গিদের প্রতিহত করতে পারে কেবল একটি ঐক্যবদ্ধ ইরাক। বাগদাদে একটি ঐকমত্যের সরকার গঠনের জন্য সুন্নি, শিয়া ও কুর্দি নেতাদের ঐক্যবদ্ধ করতে পর্দার আড়ালে কাজ করা হোয়াইট হাউস মনে করছে, কুর্দিদের সম্ভাব্য ওই গণভোট ইরাকের বিভাজনকে আরও ত্বরান্বিত করবে, যেটা জঙ্গিদের মোকাবিলা করার কাজ আরও কঠিন করে তুলবে।
হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, ‘প্রকৃত বিষয় হচ্ছে, আমরা এখনো বিশ্বাস করি যে কেবল ঐক্যবদ্ধ থাকলেই ইরাক অধিকতর শক্তিশালী একটি দেশ। এ কারণেই যুক্তরাষ্ট্র এমন একটি ইরাকের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, যে ইরাক হবে গণতান্ত্রিক, সবার অংশগ্রহণমূলক এবং ঐক্যবদ্ধ। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করতে সব পক্ষকে আহ্বান জানাচ্ছি।’
ভারতীয় নার্সরা মুক্তি পেয়েছেন: ইরাকের জিম্মি ৪৬ ভারতীয় নার্সকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। আজ শনিবার তাঁদের দেশে ফেরার কথা। তাঁদের ফিরিয়ে আনতে গতকাল একটি বিমান ইরাকে পাঠিয়েছে এয়ার ইন্ডিয়া।