ইরাকে বোমা হামলা ও গুলিতে নিহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের ছয়টি প্রদেশে গতকাল বৃহস্পতিবার পৃথক বোমা হামলা ও গুলিতে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫০ জন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।নিহত ব্যক্তিদের মধ্যে ২২ জন বেসামরিক নাগরিক, আটজন পুলিশ, তিনজন আল-কায়েদাবিরোধী মিলিশিয়া ও দুজন সেনা রয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, বোমা হামলায় বাগদাদেই ১৭ জন নিহত ও ৯৭ জন আহত হন।বাগদাদের কাছে হাইফা সড়কে স্বাস্থ্যমন্ত্রী মাজিদ হামেদ আমিনের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়। এতে দুজন বেসামরিক নাগরিক নিহত ও স্বাস্থ্যমন্ত্রীর চারজন নিরাপত্তাকর্মীসহ নয়জন আহত হয়েছেন। এদিকে বাগদাদের দক্ষিণাঞ্চলে আল আমিন শহরে আরেকটি গাড়িবোমা হামলায় দুজন নিহত ও ১৭ জন আহত হন। তৃতীয় গাড়িবোমা হামলাটি হয় বাগদাদের পূর্বাঞ্চলে ফিলিস্তিন সড়কের তল্লাশি চৌকির কাছে। এতে দুজন নিহত হন। বাগদাদের উত্তরাঞ্চলে শিয়া-অধ্যুষিত কাদিমিয়াতে চতুর্থ গাড়িবোমা হামলায় আরও দুজন নিহত হন। ফিলিস্তিন সড়কে একটি ক্লাবে আরেকটি গাড়িবোমা হামলায় দুজন নিহত হন। তাজি শহরে রাস্তার ধারে পেতে রাখা দুটি বোমা হামলায় আরও একজন নিহত হন। এর কিছুক্ষণ পর আরও দুটি গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত হন। এএফপি।