ইরাকে মতৈক্যের সরকার গঠনের চেষ্টা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে সুন্নি বিদ্রোহীদের অগ্রযাত্রা প্রতিহত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নুরি আল মালিকির সরকার। গতকাল বৃহস্পতিবারও বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর জোর লড়াই হয়েছে। এদিকে রক্তক্ষয়ী হানাহানি বন্ধে গুরুত্বপূর্ণ ইরাকি নেতাদের মধ্যে সমঝোতার মাধ্যমে মতৈক্যের সরকার গঠনের জোরালো চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি ও রয়টার্সের।
সুন্নি বিদ্রোহীদের ঠেকাতে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের বৃহত্তর জোটে ভাঙন ধরাতেই এ প্রস্তাব দিয়েছেন তিনি। ইরাকি পুলিশের একজন কর্নেল বলেন, গতকাল প্রয়াত নেতা সাদ্দাম হোসেনের নিজের শহর তিকরিতের কাছে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে নিরাপত্তা বাহিনী।
এদিকে মতৈক্যের সরকার গঠনে ওয়াশিংটন এখন ইরাক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকি পার্লামেন্টের স্পিকার ও প্রবীণ সুন্নি নেতা ওসামা আল নুজাইফির সঙ্গে আলোচনা করতে সৌদি বাদশাহ আবদুল্লাহ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছেন।
হোয়াইট হাউস বলেছে, ইরাককে ঐক্যবদ্ধ করতে দ্রুত নতুন একটি সরকার গঠনে ইরাকি নেতাদের বোঝাতে বাইডেন ও নুজাইফি সম্মত হয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, সংকট সমাধানের চেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এরই মধ্যে কুর্দি নেতা মাসুদ বারজানিকে ফোন করেছেন। নতুন ঐক্যের সরকার প্রতিষ্ঠায় কুর্দিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন কেরি।
কুর্দিস্তানে গণভোট প্রশ্নে কমিটি গঠনের আহ্বান: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের জন্য একটি কমিটি গঠন করতে পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। গতকাল কুর্দি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপির) পার্লামেন্ট সদস্য ফরহাদ সোফি জানান, কমিটি গঠনের কথা বললেও প্রেসিডেন্ট বারজানি গণভোট আয়োজনের সময়সীমা উল্লেখ করেননি।