ইরাকে মার্কিন বাহিনীর অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা
ইরাকে মার্কিন বাহিনীর যুদ্ধাভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতে ইরাকের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মধ্যরাতে যুদ্ধাভিযানের (কমব্যাট মিশন) সমাপ্তি ঘোষণা করা হয়। এ উপলক্ষে ওয়াশিংটন সময় গতকাল মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় আজ ভোর ছয়টা) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ ভাষণ দেওয়ার কথা। মার্কিন সেনাদের যুদ্ধাভিযান শেষ হলেও ইরাকি সেনাবাহিনীকে ‘সহায়তা ও পরামর্শ’ দেওয়ার জন্য সেখানে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করবে। যুদ্ধাভিযানের আনুষ্ঠানিক ইতি টানতে গত সোমবার রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বাগদাদ পৌঁছান। গতকালই তিনি ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি, প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এবং সাবেক প্রধানমন্ত্রী ও সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়া নেতা আইয়াদ আলাবির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। এদিকে, মার্কিন বাহিনী গুটিয়ে নেওয়ার পর ইরাকে নৈরাজ্য ছড়িয়ে পড়তে পারে বলে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করলেও সে দেশের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, ইরাকের সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম। দেশবাসীর উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইরাক আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। মার্কিন যুদ্ধাভিযানের সমাপ্তির মধ্য দিয়ে ইরাক স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পেয়েছে।কোনো কোনো মহল ইরাকের আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ে হতাশাজনক প্রচারণা চালালেও পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে তাঁরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজেদের জয় ত্বরান্বিত করতে প্রেসিডেন্ট ওবামা যুদ্ধাভিযান সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিম মেহমানপারাশত বলেছেন, ওয়াশিংটন একদিকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, অন্যদিকে তারা সেখানে আরও সামরিক ঘাঁটি গড়ে তোলা অব্যাহত রেখেছে। পেন্টাগনের ঘোষণা অনুযায়ী ইরাকে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করবে। কোনো সামরিক অভিযান পরিচালনা না করলেও আক্রান্ত হলে যাতে তারা আত্মরক্ষা করতে পারে, সে জন্য আধুনিক সব সমরাস্ত্রই তাদের সঙ্গে থাকবে। এএফপি ও রয়টার্স।