ইরাকে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি তাঁর দেশে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার ওয়াশিংটনে যুদ্ধবিধ্বস্ত ইরাকের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করতে তিনি এ আহ্বান জানান।ইরাকে বর্তমানে মোট বিদেশি বিনিয়োগের এক-দশমাংশের বেশি যুক্তরাষ্ট্রের। এ বছর দেশটিতে সর্বমোট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৭০০ কোটি ডলার।বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত মালিকির সঙ্গে ইরাকের ৪০ জন ব্যবসায়ী নেতা রয়েছেন। আশা করা হচ্ছে, এ সফরে বাণিজ্যসংক্রান্ত বেশ কিছু চুক্তি হতে পারে। চলতি বছরের শেষের দিকে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এই প্রেক্ষাপটে কয়েক বছর ধরে চলা যুদ্ধের ধকল কাটিয়ে উঠতে নুরি আল-মালিকি এ আহ্বান জানান। মার্কিন বিনিয়োগকারীদের উদ্দেশে মালিকি বলেন, ‘তেল ছাড়াও স্বাস্থ্যসেবা, টেলিযোগাযোগ, নির্মাণ ও অর্থনৈতিক সেবার মতো অনেক খাত রয়েছে, যেখানে বিনিয়োগ করতে পারেন।’ তিনি বলেন, ‘ইরাকে অর্থনীতির সব খাতে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের পথ খোলা রয়েছে।’ বিবিসি।