ইরাকে মার্কিন আগ্রাসন চালানো হয়েছিল ২০০৩ সালের মার্চে। এর প্রায় এক দশক শেষে এবং ছয় হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ের পরও ইরাক এখনো অস্থিতিশীল। তাই মার্কিন নেতাদের মনেও প্রশ্ন উঠেছে, ইরাক পুনর্গঠনে আর কত সময় ও অর্থ ব্যয় করতে হবে?ইরাক পুনর্গঠনবিষয়ক মার্কিন বিশেষ মহাপরিদর্শক স্টুয়ার্ট বাউয়েন সম্প্রতি মার্কিন কংগ্রেসে এ ব্যাপারে তাঁর চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছেন। এতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, মার্চে ইরাক অভিযানের এক দশক পূর্ণ হচ্ছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র দেশটিতে অনেক অর্থ ব্যয় করেছে। কিন্তু সেই তুলনায় ফল খুব কমই পাওয়া গেছে। তিনি জানান, যেকোনো সময়ের চেয়ে তাঁর সময়ে ইরাক পুনর্গঠন ব্যয়ের পরিমাণ ছিল অনেক বেশি।বাওয়েনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি মার্কিন অর্থ-সহায়তা প্রসঙ্গে বলেন, মার্কিন অর্থ ইরাকে অনেক বড় পরিবর্তন আনতে পারত। তিনি বলেন, যতটা পরিবর্তন আনার কথা, ততটা আনতে পারেনি। কিছু অর্থ অপব্যয়ও হয়েছে। মালিকি দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ভুক্ত। ইরাকের পার্লামেন্টের স্পিকার সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের নেতা ওসামা আল নুজাইফি বলেন, সাধারণভাবে মনে হয়, পুনর্গঠন কর্মসূচির মাধ্যমে ইরাকে যে পরিবর্তন আসার কথা ছিল, সেটা আসেনি। কুর্দি নেতা কুবাত তালাবানি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘আপনারা চিন্তা করেন অর্থ-সহায়তা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কোনো কুশলী বিবেচনা হতে পারে না।’ইরাকের মতো যুক্তরাষ্ট্রের আফগানিস্তান পুনর্গঠননীতিরও একধরনের পরিণতি লক্ষ করা যায়। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র প্রায় এক যুগ ও নয় হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে, কিন্তু অস্থিতিশীলতা দূর হয়নি। ২০১৪ সালে আফগানিস্তান থেকে পুরোপুরি চলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের।ইরাকে যুদ্ধ ব্যয়ের বাইরে পানি ও বিদ্যুৎব্যবস্থা, খাদ্য, স্বাস্থ্য-সহায়তা ও সুশাসন নিশ্চিত করতে অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন সিনেটে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য রিপাবলিকান নেতা সিনেটর বব কোর্কার এক বিবৃতিতে জানান, কংগ্রেসে উপস্থাপিত প্রতিবেদনে তিনি মর্মাহত। তবে এটা মার্কিন পুনর্গঠন কর্মসূচির আওতায় ভবিষ্যতের প্রকল্পগুলো বাস্তবায়নের সময় সহায়তা করবে। এপি।