ইরাকে রাসায়নিক অস্ত্র সরবরাহকারীদের খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মার্চ ১৯৮৮। ইরাকের হালাবজা শহরের বিভিন্ন সড়ক ও দেয়াল ঘেঁষে সেদিন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল অসংখ্য লাশ। দেখে মনে হচ্ছিল, মৃত্যুর আগে ওই মানুষেরা একে অপরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। কুর্দি সম্প্রদায়-অধ্যুষিত শহরটির শিশু ও নারীদেরও সেই নির্বিচার সহিংসতা থেকে রেহাই দেওয়া হয়নি।ইরাকের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত সাদ্দাম হোসেনের অনুগত সেনারা সেদিন নিজ দেশের কয়েক হাজার বেসামরিক মানুষকে রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যা করেছিল। সেই ভয়াবহ মারণাস্ত্রের উৎস অনুসন্ধানে সরকার সম্প্রতি উদ্যোগ নিচ্ছে। হালাবজা জাদুঘরে সেই সব মারণাস্ত্রের (বোমা) কয়েকটি নমুনা সংরক্ষিত রয়েছে। রাসায়নিক অস্ত্র প্রয়োগের দুই দিন আগে থেকে হালাবজা শহরে সাধারণ বোমাবর্ষণ করা হয়। গ্যাসের অবাধ চলাচল নিশ্চিত করতে কেমিক্যাল আলি (সাদ্দামের আমলে ইরাকের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আলি হাসান আল মজিদ) সম্ভবত শহরটির সব ভবনের জানালা ভেঙে ফেলতে চেয়েছিলেন। বিভিন্ন উৎস থেকে ইরাকি সরকার ওই রাসায়নিক অস্ত্র তৈরির রসদ জোগাড় করেছিল। এসব অস্ত্রের কাঁচামাল রাশিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা হয়েছিল বলে ধারণা করা হয়। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এসব রাসায়নিকের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আগে থেকেই জানত কি না, স্পষ্ট নয়। যুক্তরাজ্যের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ হামিশ দে ব্রেটন-গর্ডন বলেন, গণকবর থেকে বিষাক্ত গ্যাসের নমুনা সংগ্রহের ব্যাপারে তিনি আশাবাদী।তবে ২৫ বছর আগের সেই ভয়াবহ দিনটিকে স্থানীয় লোকজন ভুলতে পারেনি। রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার জেরে এখনো অনেক নারী-পুরুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। শহরের কয়েকটি এলাকায় এখনো বিষাক্ত গ্যাসের অস্তিত্ব রয়ে গেছে। মানুষ সেসব স্থান এড়িয়ে চলে। সেখানে নিঃশ্বাস নিয়ে এক ব্যক্তি সম্প্রতি মারা গেছেন। এ ছাড়া ইঁদুর-বিড়ালের মতো প্রাণীদের প্রাণ হারানোর ঘটনাও বিরল নয়। নতুন ভবনের ভিত্তি নির্মাণের জন্য মাটি খননে নিযুক্ত শ্রমিকদের মৃত্যুঝুঁকি রয়েছে বলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন।কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী কাবাদ তালাবানি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করা যেতে পারে।ইরান ও ইরাকের মধ্যে তখন যুদ্ধ চলছিল। রাসায়নিক হামলার কয়েক সপ্তাহ আগে ইরানি সেনাদের স্বাগত জানিয়েছিল হালাবজাবাসী। সাদ্দাম হোসেন ও তাঁর সহযোগী কেমিক্যাল আলি ওই কুর্দি জনগোষ্ঠীকে শিক্ষা দেওয়ার জন্য বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। ওই শহরে ভিএক্স, সারিন, টাবুন প্রভৃতি বিষাক্ত রাসায়নিক গ্যাস-সংবলিত বোমা নিক্ষেপ করা হয়েছিল। এসব রাসায়নিক পদার্থ ছিল প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহূত বিষাক্ত গ্যাসের চেয়েও মারাত্মক। অদ্ভুত ব্যাপার হলো, হালাবজা গণহত্যার একটা ইতিবাচক দিকও রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার তিন বছর পর ইরাকের উত্তরাঞ্চলে বিমান চলাচল বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফলে সাদ্দামের বাহিনী কুর্দিদের ওপর নতুন করে হামলা চালানো থেকে বিরত ছিল। বিবিসি।