ইরাকে সংকটের দায় আমাদের নয়: ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি ব্লেয়ার
টনি ব্লেয়ার

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দাবি করেছেন, ‘ইরাকের বর্তমান সংকটের জন্য ২০০৩ সালের ইঙ্গ-মার্কিন হামলাকে দায়ী করা যায় না৷ ইরাক সংকটের জন্য আমরা দায়ী নই৷’ টনি ব্লেয়ারের ওয়েবসাইটে গতকাল রোববার এ-সংক্রান্ত এক দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়েছে৷ খবর এএফপি ও বিবিসির৷
ব্লেয়ার লিখেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমান সংকট ‘আঞ্চলিক’ হলেও সবাই তার ফল ভোগ করছে৷ সিরিয়া পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমাদের ব্যর্থতাই আঞ্চলিক সহিংসতার জন্য দায়ী৷ ইরাকে যে এমনটি ঘটবে, তা আগেই অনুমান করা হয়েছিল৷ সিরিয়ায় চলমান লড়াইয়ের সুযোগ নিয়ে ইসলামপন্থী জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলীয় ভূখণ্ডের দখল নিয়েছে৷ দেশটিতে স্বৈরশাসক সাদ্দাম ক্ষমতায় থাকলে কোনো ধরনের আঞ্চলিক সংকট থাকত না—এমন ধারণা ‘উদ্ভট’৷
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন হয়৷ তখন ইরাকে অভিযান চালানোর ব্যাপারে ব্লেয়ার জোরালো ভূমিকা পালন করেছিলেন৷ সাদ্দামের পতনের পর থেকে ইরাকে সহিংসতা চলছে৷ দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর মসুল গত মঙ্গলবার দখল করে নেয় সুন্নি জঙ্গিগোষ্ঠী৷
জঙ্গিদের এই অপ্রতিরোধ্য তত্পরতায় আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ দেখা দিয়েছে৷ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷