ইরাকে সন্ত্রাসের দায়ে ২৬ জনের মৃত্যুদণ্ড
‘সন্ত্রাসী’ কার্যকলাপে দোষী সাব্যস্ত হওয়ায় ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক। দেশটির আইনমন্ত্রী গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।
রয়টার্সের খবরে জানানো হয়, গত রোববার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের সবাই ইরাকি নাগরিক।
আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রী হাসান আল-শিমারি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন আদেল আল-মাশাদানি সুন্নি মিলিশিয়া ‘সাহওয়া’র সদস্য। তিনি (আদেল) সাম্প্রদায়িক সহিংসতার জন্য কুখ্যাত।
ইরাকে গত বছর সাম্প্রদায়িক দাঙ্গা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ২০০৬ ও ২০০৭ সালে এর সূত্রপাত হয়। ওই দুই বছরে হাজার হাজার লোক সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গতকাল মঙ্গলবারের এক প্রতিবেদনে জানানো হয়, ইরাকে ২০১৩ সালে ১৫১ জনকে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১২ সালে ১২৯ ও ২০১১ সালে ৬৮ জনকে ফাঁসিতে ঝোলানো হয়।
জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই বারবার ইরাকে গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছেন। তাঁর মুখপাত্র রুপার্ট কলভিল রোববারের ফাঁসির ঘটনা প্রসঙ্গে বলেন, ইরাকি সরকারের ঢালাওভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর করার পরিস্থিতি সত্যিই শোচনীয়। তিনি বলেন, ইরাকের বিচারব্যবস্থায় এখনো ব্যাপক সমস্যা আছে।