ইরাকে সরকার গঠন প্রশ্নে সমর্থন দেওয়া নিয়ে মুকতাদার ‘গণভোট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সদ্য সমাপ্ত নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা শিয়া নেতা মুকতাদা আল সদরের নেতৃত্বাধীন জোট ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স সরকার গঠনে কোন জোটকে সমর্থন করবে তা ঠিক করতে গণভোটের আয়োজন করেছে। গতকাল শুক্রবার শুরু হওয়া এই গণভোট আজ শনিবার বিকেলে শেষ হবে। জোটের প্রধান আল সদর বলেছেন, সরকার গঠনে কোন জোটকে তাঁরা সমর্থন দেবেন তা ইরাকের জনগণই ঠিক করবে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।গত ৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থানে এসেছে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন গণতান্ত্রিক জাতীয়তাবাদী জোট আল ইরাকিয়া (ইরাকি ন্যাশনাল মুভমেন্ট)। তারা পেয়েছে ৯১টি আসন। বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন জোট স্টেট অব ল পেয়েছে ৮৯টি আসন। মুকতাদা আল সদরের ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স ৭০টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। কুর্দিশ অ্যালায়েন্স পেয়েছে ৪৩টি আসন। সরকার গঠনের জন্য ১৬৩ আসন নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকায় কোনো একক জোটের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। বিশ্লেষকেরা বলছেন, আইয়াদ আলাবি ও নুরি আল মালিকির মধ্যে মতাদর্শগত বিভেদ থাকায় তাঁরা যে একজোট হয়ে সরকার গঠন করবেন না, সেটা প্রায় নিশ্চিত। এ অবস্থায় সরকার গঠনের ক্ষেত্রে মুকতাদা আল সদর ‘কিং মেকারের’ ভূমিকায় চলে এসেছেন। তাঁর এবং ছোট দু-একটি দলের সমর্থন ছাড়া কারও পক্ষে ক্ষমতায় আসা সম্ভব হবে না।দুই বছর আগে বসরা ও বাগদাদে আল সদরের মেহেদি বাহিনীকে নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী আল মালিকির নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়। ওই ঘটনার কারণে আল সদরের জোট মালিকিকে সমর্থন করবে না বলে সবাই ধারণা করছে।তার পরও সদর তাঁর জোট কোন জোটের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তা নির্ধারণের জন্য ইরাকিদের মত নিতে চেয়েছেন। গতকাল শুরু হওয়া গণভোটে আল সদর সমর্থনযোগ্য হিসেবে যে পাঁচজনের নাম দিয়েছেন তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী মালিকির নামও রয়েছে। ওই তালিকার বাকি চারজন হলেন সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবি ও ইব্রাহিম জাফরি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আদেল আবদেল মেহেদি ও সাবেক একজন আয়াতুল্লাহর ছেলে জাফর সদর।আল সদরের জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের মধ্যে কাকে সমর্থন করা উচিত হবে, সে বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত দেবে। তাদের মতামতের ওপর ভিত্তি করে ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স সিদ্ধান্ত নেবে। ওই জোটের অন্যতম নেতা হাজেম আল আরাজি এএফপিকে বলেছেন, ইরাকের রাজনৈতিক পরিস্থিতি এখন জটিল অবস্থায় রয়েছে এবং তাঁদের নেতা (আল সদর) সব সময়ই বলে আসছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইরাকের জনগণই তাঁদের সবচেয়ে বড় পরামর্শক।