ইরাকে সহিংসতায় জুলাইয়ে ১০৫৭ জন নিহত
ইরাকে গত জুলাই মাসে সহিংসতার ঘটনায় এক হাজার ৫৭ জন নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘ মিশনের সদ্য প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের জুলাই মাস ছিল ইরাকে সবচেয়ে সহিংস ঘটনাবহুল একটি মাস।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর রাজধানী বাগদাদসহ পুরো দেশে সহিংস ঘটনায় কমপক্ষে চার হাজার ১৩৭ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় নয় হাজার ৮৬৫ জন নাগরিক।
ইরাকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গিয়র্গ বাস্তিন বলেন, ‘সাধারণ জনগণের ওপর এই সহিংস ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। দেশটির রাজনৈতিক নেতাদের অবিলম্বে এই রক্তপাত বন্ধে সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ প্রতিনিধি বাস্তিন বলেন, গত পাঁচ বছরের মধ্যে এই জুলাই মাসেই সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। বাগদাদে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য ইরাক সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব সহিংস ঘটনার মধ্যে বেশির ভাগই গত ছয় মাসে শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে সুন্নি বিদ্রোহী গোষ্ঠীগুলো ঘটিয়েছে। আর জুলাই মাসে রাস্তা, ক্যাফে ও মসজিদে সিরিজ বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। এমনকি তারা দুটি কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করে নিয়ে গেছে।
জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসের সহিংসতায় ২০৪ জন পুলিশসহ ৯২৮ জন ইরাকি নাগরিক নিহত হয়েছেন। আর ৩৩৮ জন পুলিশ সদস্যসহ দুই হাজার ১০৯ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১২৯ জন সদস্য নিহত ও ২১৭ জন আহত হয়েছেন। এসবের মধ্যে রাজধানী বাগদাদেই ২৩৮ জন নিহত ও ৭১৯ জন আহত হয়েছেন।