ইরাকে সাতটি শহরে একযোগে হামলা নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদসহ সাতটি শহরে গতকাল স্থানীয় সময় সকালে একযোগে হামলা চালানো হয়েছে। বেশির ভাগ হামলার ক্ষেত্রেই গাড়িবোমা ব্যবহার করা হয়েছে। হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ খবর দিয়েছেন।রাজধানী বাগদাদের পাশাপাশি উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতু এবং কিরকুক এবং দক্ষিণাঞ্চলীয় নাসারিয়াহ এলাকায় হামলার খবর পাওয়া গেছে। গতকাল সকালে ব্যস্ত সময়ে এই হামলা চালানো হয়। প্রাদেশিক নির্বাচন সামনে রেখে এই সমন্বিত হামলা চালানো হলো। আগামী ২০ এপ্রিল এ নির্বাচন হবে। ২০১০ সালের পর এটাই এ ধরনের প্রথম নির্বাচন। ইরাকের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে জানানো হয়, হামলায় বিস্ফোরকভর্তি এক ডজনের বেশি গাড়ি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া রাস্তার পাশে পুঁতে রাখা তিনটি বোমার বিস্ফোরণ ঘটনো হয়। মোট সাতটি শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তুজ খুরমাতু এলাকায় তিনটি গাড়িবোমার বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী বাগদাদে বিমানবন্দরের একটি নিরাপত্তা চৌকিতে দুটি গাড়িবোমার বিস্ফোরণে দুজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কিরকুকে পর পর ছয়টি গাড়িবোমার বিস্ফোরণে নয়জন প্রাণ হারিয়েছেন। ছয়টি গাড়িবোমার মধ্যে শহরটির কেন্দ্রীয় এলাকার আরব, কুর্দি ও তুর্কমেন অধ্যুষিত এলাকায় একটি করে মোট তিনটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বাকি তিনটি গাড়িবোমা শহরটির অন্যান্য এলাকায় বিস্ফোরিত হয়। এ ছাড়া রাজধানী বাগদাদ থেকে ৫০ মাইল উত্তরে অবস্থিত তারমিয়াহ শহরে বন্দুকধারীরা একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে এপি। এ ছাড়া সামারা ও হিলা শহরেও হামলার ঘটনা ঘটেছে।গতকালের এই হামলার বিষয়ে কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন দেশটিতে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিবিসি।