ইরাকে হামলা করা 'অনিবার্য' ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাক যুদ্ধ নিয়ে লন্ডনে আজ বুধবার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন স্যার জন চিলকোট। ছবি: এএফপি
ইরাক যুদ্ধ নিয়ে লন্ডনে আজ বুধবার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন স্যার জন চিলকোট। ছবি: এএফপি

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলে যুক্তরাজ্য ইরাকে যে হামলা চালিয়েছে, তা কোনো যৌক্তিক বিবেচনার ভিত্তিতে ছিল না। আজ বুধবার ইরাক হামলায় যুক্তরাজ্যের যোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে।
এই তদন্ত প্রতিবেদনের পর মিথ্যা তথ্য দিয়ে ইরাকে হামলা চালানোর দায়ে ব্লেয়ার বিচারের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে। ব্লেয়ারের বিচারের দাবিতে পার্লামেন্টে প্রস্তাব আসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
চিলকট রিপোর্টে বলা হয়, অসত্য তথ্যের ভিত্তিতে এবং বিস্তারিত পরিস্থিতি অনুধাবন ছাড়াই ইরাকে হামলা চালানোর ঘটনা, ব্রিটিশ সৈন্য ও যুক্তরাজ্যের রাষ্ট্রীয় কোষাগারের বড় ধরনের ক্ষতি সাধন করেছে। সেই সঙ্গে ইরাকসহ ওই অঞ্চলের দেশগুলোতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি করেছে। যুক্তরাজ্য ভবিষ্যতে কোনো দেশে হামলা কিংবা বড় ধরনের যুদ্ধে লিপ্ত হতে গেলে এই প্রতিবেদনের প্রাপ্তিগুলো বড় শিক্ষা হয়ে থাকবে।
ইরাকে হামলায় যুক্তরাজ্যের যৌক্তিকতা অনুসন্ধান ও তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সরকারের ভূমিকা তদন্তে স্যার জন চিলকটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ২০০৯ সালে গঠিত ওই কমিটি দীর্ঘ সাত বছর পর তাদের ঐতিহাসিক প্রতিবেদন প্রকাশ করল। স্যার জন চিলকটের নাম অনুসারেই এ প্রতিবেদনকে ‘চিলকট রিপোর্ট’ বলা হচ্ছে।
স্যার জন চিলকট বলেন, বিচার কিংবা রায় দেওয়ার দায়িত্ব তাদের নয়। তাঁরা কেবল ইরাক যুদ্ধের যৌক্তিকতা ও প্রকৃত সত্য উদ্‌ঘাটনে কাজ করেছেন। তবে যেখানে প্রত্যাশিত মানদণ্ড লঙ্ঘিত হয়েছে, সেখানে কাঙ্ক্ষিত সমালোচনা করেছেন তারা।

টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধে যোগ দেওয়ার সময় তিনিই ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধে যোগ দেওয়ার সময় তিনিই ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, সাদ্দাম ইরাকে রাসায়নিক অস্ত্রের মজুত গড়ে তুলেছেন এবং সাদ্দাম হোসেন বিশ্বশান্তির জন্য হুমকি। এমন অভিযোগের ভিত্তিতে ইরাকে হামলার উদ্যোগ নেয় বুশ সরকার। যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও একই দোহাই দিয়ে ইরাকে হামলা চালাতে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন নেন। শুরু থেকেই এই হামলার বিরোধিতায় ফুঁসে ওঠে যুক্তরাজ্যের মানুষ। যার পরিণতিতে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিতে হয় ব্লেয়ারকে। ইরাক যুদ্ধে ১৭৯ জন ব্রিটিশ সৈন্য নিহত হয়। সরকারের ব্যয় হয় প্রায় ১০ বিলিয়ন পাউন্ড। এই যুদ্ধে প্রায় দেড় লাখ ইরাকি নিহত হয় এবং ১০ লাখের বেশি ইরাকি বাস্তুহারা হয়।
প্রায় ২৬ লাখ শব্দের চিলকট রিপোর্টের উল্লেখযোগ্য দিকগুলো হলো:
১. সাদ্দাম হোসেনকে নিরস্ত্র করতে কিংবা পরিস্থিতি সামাল দেওয়ার শান্তিপূর্ণ উপায়গুলো পাশ কাটিয়ে ইরাকে হামলা চালানো হয়েছে। ওই সময়ে ইরাকে হামলা করা ‘শেষ অবলম্বন বা অনিবার্য’ ছিল না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্যই চেয়েছিল হামলা না চালিয়ে সাদ্দাম হোসেনের প্রতি চাপ অব্যাহত রাখতে।
২. ইরাকের কাছে থাকা সমরাস্ত্র বিশ্ব শান্তির জন্য হুমকি-এমন বিবেচনার ছিল ভিত্তিহীন।
৩. সাদ্দাম হোসেন রাসায়নিক অস্ত্রের মজুত অব্যাহত রেখেছে বলে যে গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছিল, সেটা সন্দেহাতীত কি-না তা নিশ্চিত করা হয়নি।
৪. ইরাক যুদ্ধের পুরো পরিকল্পনাই একটি গলদপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল। কিন্তু ওই সব তথ্যের পুনঃযাচাই বা চ্যালেঞ্জ করা হয়নি।
৫. ব্রিটিশ সৈন্যদের ইরাকে হামলায় অংশ নেয়ার বৈধতা কোনোভাবেই সন্তোষজনক ছিল না।
৬. ব্রিটিশ সৈন্যদের ইরাকে হামলার প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এই হামলার ঝুঁকিও যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং ঝুঁকিগুলো বিষয়ে মন্ত্রিপরিষদকে জানানো হয়নি। যার ফলে একপর্যায়ে সামরিক রসদের ঘাটতিতে পরে ব্রিটিশ বাহিনী।
৭. বিস্তারিতভাবে সতর্ক করা সত্ত্বেও এই হামলার পরিণতিকে খাটো করে দেখা হয়েছে এবং প্রস্তুতিও ছিল অপর্যাপ্ত।
৮. সরকার এই হামলার যে লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়েছিল, তা অর্জন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
৯. তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে নিজের সামর্থ্যের অতিরঞ্জন করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে কোনো শর্তহীন সমর্থনের প্রয়োজন নেই।
১০. ভবিষ্যতে কোনো দেশে হস্তক্ষেপ কিংবা হামলার বিষয়টি সুনির্দিষ্ট হিসাবের ভিত্তিতে করতে হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত বিতর্ক হতে হবে। পাশাপাশি হামলার চ্যালেঞ্জ ও পরিণতি নিয়ে কঠোর বিশ্লেষণ হতে হবে। এসবের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের পুরোটাই বাস্তবায়ন করতে হবে।