ইরাকে হামলার রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত সাদ্দাম হোসেনকে উৎখাতের লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর হামলার এক দশক পূর্ণ হয়েছে আজ বুধবার। ২০১১ সালের ডিসেম্বরে সেই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও জাতিগত সহিংসতা ও রাজনৈতিক সংঘাত থামেনি।ইরাকে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ‘গণবিধ্বংসী অস্ত্রের মজুদ ধ্বংসের’ অজুহাতে পশ্চিমা বাহিনী ২০০৩ সালের ২০ মার্চ সামরিক হামলা শুরু করেছিল। পরে অবশ্য সেই অস্ত্রের মজুদের সন্ধান না পেলেও পশ্চিমারা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অঞ্চলে ইরাককে নিজেদের একটি মিত্র রাষ্ট্রে রূপান্তরিত করতে সমর্থ হয়। তবে সাদ্দামের পতনের পর প্রতিবেশী রাষ্ট্র ইরান যুক্তরাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়। অন্যদিকে সেনা প্রত্যাহারের পর ইরাকের ওপর প্রভাব বিস্তার করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে সমস্যায় পড়তে হচ্ছে।ইরাকে হামলার দশকপূর্তি উপলক্ষে দেশটির সরকার কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করেনি। তবে আগামী ৯ এপ্রিল বাগদাদের পতন দিবস উদ্যাপনের সম্ভাবনা রয়েছে। বাগদাদের পতনে মধ্য দিয়েই ভয়াবহ রক্তক্ষয়ী সেই অভিযান শেষ হয় বলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেছিলেন। তবে যুদ্ধ-পরবর্তী ইরাকের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বিদ্রোহীরা প্রায়ই বোমা হামলা ও গুলিবর্ষণ করছে। সামারায় শিয়া সম্প্রদায়ের একটি তীর্থস্থানে ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি হামলার পর জাতিগত সহিংসতায় বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারায়। ইরাকের বিভিন্ন অঞ্চলে শিয়া, সুন্নি ও কুর্দি সম্প্রদায়ের মধ্যে অভ্যন্তরীণ লড়াই চলছে। ইরাকে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত এক লাখ ১২ হাজার বেসামরিক নাগরিক, কয়েক হাজার পুলিশ ও সেনাসদস্য এবং চার হাজার ৮০০ বিদেশি সেনা নিহত হয়। নিহত বিদেশিদের অধিকাংশই মার্কিন সেনা। যুদ্ধের ফলাফল যা-ই হোক না কেন, ইরাকে হামলার রাজনৈতিক লক্ষ্য কখনই পুরোপুরি অর্জিত হয়নি। দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টি পশ্চিমাদের অন্যতম লক্ষ্য ছিল। প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন সরকারের শরিকদের অভিযোগ, তিনি ক্ষমতার একচ্ছত্র ব্যবহার করছেন। আইনসভা গত কয়েক বছরে উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেনি। সরকার অবশ্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আবাসন, বিমানবন্দর, ফুটবল স্টেডিয়াম প্রভৃতি স্থাপনা নির্মাণের উচ্চাভিলাষী কয়েকটি পরিকল্পনা নিয়েছে।আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫০: রাজধানী বাগদাদের দক্ষিণে শিয়া-অধ্যুষিত অঞ্চলে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় পুলিশের ঘাঁটিতে গতকাল মঙ্গলবার এ হামলা হয়।মার্কিন হামলার দশকপূর্তির আগের দিন এ হামলা চালানো হলো। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদাসংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহীরা দেশটির শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় বলে ধারণা করা হচ্ছে। এএফপি ও রয়টার্স।