ইরাকে ১১ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের একটি আদালত গতকাল বৃহস্পতিবার ২০০৯ সালের আগস্টে বাগদাদে ভয়াবহ গাড়িবোমা হামলার ঘটনায় ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আল-কায়েদার জঙ্গিও রয়েছে। গত বছরের ওই বোমা হামলায় শতাধিক ব্যক্তির প্রাণহানি ঘটেছিল। খবর এএফপি ও রয়টার্স অনলাইনের।ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আলি আবদুল সাত্তার বলেছেন, ইরাকের ফৌজদারি আদালতে ১১ জনের মৃত্যুদণ্ড হয়েছে। গত বছরের আগস্ট মাসের হামলার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে এই ১১ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আবদুস সাত্তার বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন।গত বছরের ১৯ আগস্ট বাগদাদে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে ১০৬ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন সালিম আবেদ জসিম স্বীকার করেছেন, অর্থের বিনিময়ে তিনি ওই হামলার পরিকল্পনা করেছিলেন। এ হামলার জন্য সাদ্দাম হোসেনের শাসনামলের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাবিল আবদুর রহমান তাঁকে অর্থ দিয়েছিলেন। নাবিল আবদুর রহমান বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন আল-কায়েদার নেতা ইশাক মোহাম্মেদ আব্বাস ও তাঁর ভাই মুস্তাফা। হামলার পর আল-কায়েদার এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বসরায় অবস্থিত ক্যাম্প বুকা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।গত বছরের ওই হামলার ঘটনায় তদন্ত দলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আগস্টে ওই হামলার পরিকল্পনার পেছনে আল-কায়েদার এ দুই নেতার হাত ছিল।ইরাক সরকার এ হামলার জন্য আল-কায়েদা ও সাদ্দাম হোসেনের বাথ পার্টির অনুসারীদের দায়ী করেছিল। এ ছাড়া তল্লাশি চৌকির দায়িত্বে নিয়োজিত কর্মীদের অবহেলাকেও দায়ী করে কর্তৃপক্ষ। তারা বলেছে, নিরাপত্তাকর্মীদের অবহেলার সুযোগেই জঙ্গিরা রাজধানীতে ঢোকার সুযোগ পেয়েছিল।