ইরাকে ১৪ শহরে হামলা, ৯১ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদ ও পার্শ্ববর্তী তাজি শহর দেশের অন্তত ১৪টি শহরে গতকাল সোমবার একযোগে গুলি ও বোমা হামলা এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৯১ জন নিহত ও অনেকে আহত হয়েছে।দেশটির নিরাপত্তা বিভাগ ও চিকিৎসা কর্মকর্তারা জানান, একাধিক স্থানে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। বিদ্রোহীরা দেশের অন্তত ১৪টি শহরে ২২টি পৃথক হামলা চালায়।বাগদাদ থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত তাজি শহরে একাধিক হামলায় অন্তত ২৪ জন নিহত ও ২৯ জন আহত হয়। এর মধ্যে একটি বোমা বিস্ফোরণে নিহত হন ১০ জন সরকারি কর্মকর্তা। শহরটিতে গত এক বছরের মধ্যে গতকালের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আলি হোসেন বলেন, ‘নিরীহ এসব মানুষের কী দোষ? বাজার করতে এসে তাঁরা হামলার শিকার হয়েছে।’বাগদাদের উত্তরে অবস্থিত তেলসমৃদ্ধ কারকুম শহরে গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ ছাড়া ধুলুইয়া, সাদিয়া, খান বেনি-সাদ, তুজ খুরমাতু ও দিবিস এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। সালাউদ্দিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হন। পুলিশের কয়েকটি তল্লাশিকেন্দ্রে গাড়িবোমা বিস্ফোরিত হয় এবং কয়েকটি সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়। এএফপি, বিবিসি।