ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকজুড়ে সুন্নি জঙ্গিদের উত্থানের ফলে সহিংসতায় কেবল চলতি মাসের ১৭ দিনে অন্তত এক হাজার ৭৫ জন প্রাণ হারিয়েছে৷ নিহতদের এক-তৃতীয়াংশই বেসামরিক জনগণ৷ জাতিসংঘের পর্যবেক্ষকেরা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন৷
ইরাকে নতুন করে মার্কিন সেনা মিশন শুরু হয়েছে৷ যুক্তরাষ্ট্রের অন্তত ৩০০ সামরিক উপদেষ্টা বাগদাদে তাঁদের মিশন শুরু করেছেন৷ তাঁরা সুন্নি জঙ্গিদের মোকাবিলায় ইরাকি সেনাদের সহযোগিতা দিচ্ছেন৷ গতকাল পেন্টাগনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়৷ খবর এএফপি ও বিবিসির৷
অ্যাডমিরাল জন কিরবি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরাকে প্রাথমিক মূল্যায়ন দল মোতায়েন শুরু করেছি৷ ৪০ জন সেনার দুটি দল ইতিমধ্যে নতুন মিশনে যোগ দিয়েছে৷ এ ছাড়া অতিরিক্ত ৯০ জন সেনাসদস্যকে বাগদাদের যৌথ অভিযান কেন্দ্রে পাঠানো হয়েছে৷ কয়েক দিনের মধ্যে আরও অন্তত ৫০ জন সেনাসদস্য সেখানে মোতায়েন করা হবে৷ এসব দল ইরাকের নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি মূল্যায়ন করবে৷
এদিকে বাগদাদ সফর শেষে কুর্দি নেতাদের সঙ্গে বৈঠক করতে গতকাল কুর্দিস্তানের ইরবিল শহরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি এমন এক সময়ে কুর্দিস্তানে গেছেন, যখন স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি অখণ্ড ইরাক নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বলেছেন, কুর্দি জনগণের সামনে তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার সময় এসেছে।
ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে সুন্নি জঙ্গিদের তৎপরতার উল্লেখ করে বারজানি বলেন, তাঁরা এখন নতুন বাস্তবতা ও নতুন ইরাকের মুখোমুখি হয়েছেন৷ কুর্দিরা বর্তমান সংকটের সমাধান চায়৷
ইরবিলে যাওয়ার আগের দিন বাগদাদে সুন্নি নেতাদের পাশাপাশি ইরাকি প্রেসিডেন্ট নুরি আল-মালিকির সঙ্গে বৈঠক করেন কেরি৷ এরপর তিনি বলেন, ইরাকের ভবিষ্যৎ নিয়ে এখন এক সংকটময় মুহূর্ত এসেছে৷ দেশটির নেতাদের জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার নুরি আল-মালিকির সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বর্তমান সংকট মোকাবিলায় মতৈক্যের সরকারের কোনো বিকল্প নেই। শিয়া, সুন্নি ও কুর্দিদের নিয়ে একটি মতৈক্যের সরকার গঠন করতে হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রও ইরাকের বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে একিট নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে।
এদিকে সুন্নিদের সাম্প্রতিক উত্থানে ইরাকের কুর্দি সম্প্রদায়ের বহু প্রতীক্ষিত স্বশাসনের দাবি আরও জোরালো হয়েছে৷ সাদ্দাম-পরবর্তী শাসকেরা কুর্দিদের ওই দাবির কঠোর বিরোধিতা করে আসছেন৷ কুর্দিরা এখন স্বাধীনতা অর্জনের চেষ্টা করবে কি না, এমন প্রশ্নের জবাবে বারজানি সিএনএনকে বলেন, কুর্দিস্তানের জনগণের এখন নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে৷ স্পষ্টত ইরাক ভেঙে পড়ছে এবং কেন্দ্রীয় সরকার সবকিছুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে৷
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রুপার্ট কোলভিল বলেন, চলতি মাসের ৫ থেকে ২২ তারিখ পর্যন্ত ১৭ দিনে ইরাকে অন্তত এক হাজার ৭৫ জন নিহত ও ৬৫৮ জন আহত হয়েছে৷ নিহতদের মধ্যে অন্তত ৭৫৭ জন বেসামরিক নাগরিক৷ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা চলতি মাসের শুরু থেকে মসুলসহ ইরাকের পাঁচটি প্রদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার দখল করে নেয়৷