ইরাকে ৪৬ ভারতীয় নার্স অপহরণ
ইরাকের তিকরিত শহরের একটি হাসপাতালে আটকে পড়া ভারতের ৪৬ জন নার্সকে মসুলে নিয়ে গেছে জিহাদি বলে পরিচয় দেওয়া আইএসআইএসের সুন্নি জঙ্গিরা।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার জঙ্গিরা ওই নার্সদের সরিয়ে মসুল শহরে নিয়ে যায়। এর আগে ইরাকে কাজ করা ভারতের ৩৯ জন নির্মাণশ্রমিককে জোর করে ওই মসুল শহরে আটকে রেখেছিল জঙ্গিরা। এ নিয়ে জঙ্গিদের হাতে ৮৫ জন ভারতীয় আটক হলেন।
জঙ্গিদের হাতে নার্সদের মসুলে সরিয়ে নেওয়ার ব্যাপারে ভারত সরকার নিশ্চিত করে এখনো কিছু জানায়নি। তবে বাগদাদে কর্মরত ভারতের একজন কর্মকর্তার সঙ্গে গতকাল সকালে ফোনে নার্সদের কথা হয়েছিল। তিনি বলেছেন, জঙ্গিরা নার্সদের গোপন জায়গায় সরিয়ে নিলেও তাঁরা নিরাপদে আছেন।
গতকাল দুপুরে কেরালার একটি সূত্র জানিয়েছে, নার্সদের কাছাকাছি যাওয়ার কোনো উপায় নেই। তাঁরা পথে বাসের মধ্যে আছেন। সম্ভবত বাসটি মসুলের দিকে যাচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘জঙ্গিদের কথামতো তাঁদের যাওয়াটাই নার্সদের নিরাপত্তার জন্য ভালো।’
ইরাকে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজয় কুমার বলেন, হাসপাতাল থেকে নার্সদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার ঠিক এক মিনিট আগে একজন নার্সের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। তিনি জানতে পেরেছেন, সেখানে বেশ কয়েকজন নার্স সামান্য আঘাত পেয়েছেন।
জানা গেছে, তিকরিতের ওই হাসপাতালে বাংলাদেশি নার্সরা থাকলেও তাঁদের বন্দী করেনি জঙ্গিরা। এ কথা অস্বীকার করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রী উমেন চান্দির সঙ্গে বৈঠক করেছেন। আটক হওয়া নার্সদের মধ্যে বেশির ভাই কেরালার। বৈঠকে চান্দি জানিয়েছেন, নার্সরা নিরাপদে আছেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।