ইরাকে 'সংক্ষিপ্ত সামরিক ব্যবস্থা' নিতে প্রস্তুত ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাকে কট্টরপন্থীদের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট ও সংক্ষিপ্ত সামরিক ব্যবস্থা’ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে৷ প্রয়োজন মনে হলেই ওয়াশিংটন ওই কট্টরপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে৷ তবে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন বাহিনী আর যুদ্ধ করতে ইরাকে ফিরবে না৷ খবর বিবিসি ও এএফপির৷
ওবামা গতকাল হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বলেন, কট্টরপন্থী দমনে ইরাক সরকারকে সহায়তা দিতে ৩০০ সামরিক উপদেষ্টাকে বাগদাদে পাঠানো হতে পারে৷ এ জন্য ওয়াশিংটন সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে৷ ওই উপদেষ্টারা কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে ইরাকি বাহিনীকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায় বা রসদ দেওয়া যায়, তা খতিয়ে দেখবে৷ আর ওয়াশিংটন ইতিমধ্যে ইরাক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশটিতে নিজেদের গোয়েন্দা সামর্থ্য বৃদ্ধি করেছে৷
ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্টের (আইএসআইএল) জিহাদি জঙ্গিরা গত কয়েক দিনে মসুলসহ ইরাকের গুরুত্বপূর্ণ কয়েকটি শহর দখল করে নিয়েছে৷ চলতি বছরের শুরুতে তারা ফালুজা দখল করেছে৷ এখন তারা রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে৷ এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি মার্কিন সহায়তা কামনা করেন৷
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরাকের পরিস্থিতির ‘সামরিক সমাধান নেই’, এই সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন৷ তিনি বলেন, ইরাকের অভ্যন্তরীণ একটি পক্ষ চাইলেও ওয়াশিংটন সেখানে সামরিক হামলা চালাবে না৷ দেশটির অন্য পক্ষগুলো এ ধরনের হামলা চায় না৷