ইরাকের আকাশপথ দিয়ে অস্ত্র আনছে সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সরকার ইরান থেকে অস্ত্র নেওয়ার মূল পথ হিসেবে ইরাকের আকাশপথ ব্যবহার করছে। এই পথ দিয়েই রকেট, ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, রকেটচালিত গ্রেনেড ও ক্ষেপণাস্ত্র পাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। গত শনিবার মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গতকাল রোববার দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম মিত্র ইরান অস্ত্র দিয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তা দিচ্ছে। প্রতিবেদনে নাম উল্লেখ না করে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ইরান থেকে সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ইরাক সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে। প্রয়োজনে সিরিয়াগামী সব বিমান তল্লাশি করতে বলেছে ওয়াশিংটন।প্রতিবেদনে আরও বলা হয়, ইরাকের কিছু কর্মকর্তার সহায়তার কারণে ইরান থেকে সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধ করা সম্ভব হচ্ছে না। বিমান তল্লাশির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণেই এটা সম্ভব হচ্ছে।এদিকে, ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র মনে করে, ইরান সক্রিয়ভাবে প্রেসিডেন্ট বাশারকে সহায়তা দিয়ে যাচ্ছে। এএফপি।