ইরাকের আরও শহর দখলের হুমকি জঙ্গিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের অনেক শহর এখন সরকারের হাতছাড়া৷ মসুল, তিকরিত, বাজি দখলের পর ইরাকের অন্যান্য শহরও দখল করার হুমকি দিয়েছে জঙ্গিরা৷ এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার কুর্দি বাহিনী উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে৷ ওই অঞ্চল থেকে সরকারি বাহিনী পালিয়ে গেছে বলে তারা দাবি করে৷ খবর এএফপি, বিবিসি, জি নিউজ ও আল-জাজিরার৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির ক্ষমতা চেয়ে পার্লামেন্টের কাছে আহ্বান জানিয়ে নিরাশ হয়েছেন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি৷ গতকাল পার্লামেন্টে ৩২৫ জন সদস্যের মধ্যে মাত্র ১২৮ জন তাঁর পক্ষে ভোট দেন৷
স্বায়ত্তশাসিত কুর্দিস্তান এলাকার নিরাপত্তা বাহিনী পেশমারগারের মুখপাত্র জব্বার ইয়াওয়ার বলেন, ‘পেশমারগারের হাতে পুরো কিরকুকের পতন হয়েছে৷ কিরকুকে এখন ইরাকি কোনো সেনাবাহিনী নেই৷’
কিরকুক শহরটি কুর্দিদের স্বায়ত্তশাসিত এলাকা ঘেঁষে অবস্থিত৷ তেলের বিশাল মজুত থাকার কারণে দীর্ঘদিন ধরেই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার স্বপ্ন ছিল কুর্দিদের৷ শহরটিকে তারা নিজেদের ঐতিহাসিক রাজধানী হিসেবে দেখে থাকে৷
আল-কায়েদার শাখা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট-এর (আইএসআইএল) জঙ্গিদের ইরাকের বিভিন্ন শহরে আক্রমণের সুযোগে কুর্দি যোদ্ধারা সক্রিয় হয়ে উঠছে৷ এতে ইরাকের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে৷
আইএসআইএলের যোদ্ধারা কয়েক মাস আগে ইরাকের ফালুজা ও রামাদি শহর দখল করে৷ এক সপ্তাহ লড়াই শেষে জঙ্গিরা গত মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের দখল নেয়৷ বুধবার দখল করে প্রয়াত নেতা সাদ্দাম হোসেনের শহর তিকরিত এবং তেল শোধনের জন্য বিখ্যাত শহর বাজি৷
অবশ্য তিকরিত জঙ্গিদের দখল করার খবর নাকচ করে দিয়েছে ইরাকের সামরিক বাহিনী৷ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইরাকিয়া টিভির খবরে গতকাল বলা হয়, শহরটি সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷
বাগদাদসহ অন্য শহরগুলো দখল করার হুমকি দিয়েছে আইএসআইএল৷ জঙ্গি সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে গতকাল প্রকাশিত এক অডিওবার্তায় মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদানি যোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখো৷ কারণ, লড়াই এখনো দুর্বার হয়নি৷ এই লড়াই বাগদাদ এবং কারবালায় গিয়ে দুর্বার হবে৷ তোমরা তার জন্য প্রস্তুত হও৷’
অবশ্য ১৭ মিনিটের ওই অডিওবার্তাটির সত্যতা নিশ্চিত করা যায়নি৷ কখন এটি রেকর্ড করা হয়েছে, তাও নিশ্চিত নয়৷
মার্কিন বিমান হামলার অনুরোধ মালিকির: এই জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে আগেই প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি গোপনে ওবামা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এ খবর বেরিয়েছে৷ গত মাসে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মালিকি মার্কিন প্রশাসনকে ইরাকে বিমান হামলার বিষয়টি বিবেচনার অনুরোধ করেন৷
চলতি বছর বাগদাদ সফরকারী মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ইরাকি নেতাদের আশা ছিল, ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে আঘাত হানতে যুক্তরাষ্ট্রের আকাশপথের সক্ষমতা ব্যবহার করা হবে৷ জঙ্গিদের দখলে থাকা শহর মুক্ত ও তাদের প্রশিক্ষণ-শিবির গুঁড়িয়ে দেওয়া হবে৷ পাশাপাশি প্রতিবেশী দেশ সিরিয়া থেকে ইরাকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র ইরাকি সেনাদের সাহায্য করবে৷
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল গত বুধবার এক প্রতিবেদনে জানায়, ইরাক ইঙ্গিত দিয়েছিল, তারা জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে চালকবিহীন বিমান (ড্রোন) হামলার পাশাপাশি জঙ্গিবিরোধী অভিযানে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে৷
মসুলে তুর্কি কনস্যুলেটে হামলা: মসুল শহরে তুরস্কের কনস্যুলেটে হামলা চালিয়ে কূটনীতিকসহ ৪৮ জনকে ধরে নিয়ে গেছে জঙ্গিরা৷ অপহরণের ঘটনার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু৷
নিরাপত্তা পরিষদের নিন্দা: ইরাকের মসুল, তিকরিতসহ বিভিন্ন শহরে জঙ্গিদের হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দিয়েছে৷ এতে বলা হয়, মসুল থেকে পালিয়ে আসা লাখ লাখ লোক নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন৷