ইরাকের কারাবন্দী সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজ হাসপাতালে
ইরাকের সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজ গত শুক্রবার রাতে কারাগারে বন্দী অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে বাগদাদের উত্তরে বালাদে যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার জর্ডানের আম্মানে আজিজের আইনজীবী বদি আরেফ এ কথা জানান। খবর এএফপির।বদি আরেফ এএফপিকে বলেন, ‘রোববার গভীর রাতে আমি মার্কিন বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, আজিজের অবস্থা এখন স্থিতিশীল। তবে তারা এ কথাও জানিয়েছে, তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে।’ বদি আরেফ আরও জানান, প্রথম দিকে মার্কিন বাহিনী জানিয়েছিল তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। কিন্তু পরে তা অস্বীকার করে। এদিকে জর্ডানের নাগরিকত্ব নিয়ে আম্মানে বসবাসকারী আজিজের বড় ছেলে জিয়াদ জানান, ‘সত্যিকার অর্থে আমার বাবার কী হয়েছে, তা জানার অপেক্ষায় রয়েছি।’মার্কিন বাহিনীর কাছ থেকে আজিজের স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে আবেদন করেছেন জিয়াদ।